—নিজস্ব চিত্র
মাধ্যমিক পরীক্ষা চলছে। তার মধ্যেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খাস সল্টলেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (বিদ্যাসাগর) ভবনে সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান করল কর্মচারীদের দু’টি সংগঠন। একটি সংগঠনের অনুষ্ঠানের জন্য ভবনের দেওয়ালে লাগানো সাউন্ড বক্স বেজে চলছিল শুক্রবার সকাল থেকেই। আবার ওই ভবনেরই গ্যারাজে চলছিল অন্য এক কর্মচারী সংগঠনের অনুষ্ঠান।
অভিযোগ পৌঁছয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। ভবনের সাততলায় সম্মেলন কক্ষে একটি কর্মচারী সংগঠনের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের জন্য দু’টি সাউন্ড বক্স লাগানো হয়েছিল ভবনের বাইরের দিকে। এ দিন সকাল থেকেই সেই সাউন্ড বক্সের আওয়াজ বাইরে থেকেই শোনা যাচ্ছিল বলে অভিযোগ। ওই ভবনের গ্যারাজে অন্য কর্মচারী সংগঠনের অনুষ্ঠানে বাজছিল দু’টি ছোট সাউন্ড বক্স। অভিযোগ পেয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস দ্রুত সংগঠনের নেতাদের ডেকে পাঠান। দুপুরের দিকে সাউন্ড বক্স বাজানো বন্ধ হয়।
সল্টলেকের করুণাময়ী মোড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস। পাশেই মধ্যশিক্ষা পর্ষদের অফিস। উল্টো দিকে ঢিল-ছোড়া দূরত্বে হাসপাতাল এবং একটি আবাসন রয়েছে। তবে করুণাময়ী মোড়ে কোনও বিদ্যালয় নেই।
নিয়ম ভেঙে সাউন্ড বক্স কেন?
সংসদ-সভানেত্রী মহুয়াদেবী বলেন, “অনুমতি নিয়ে ওই দু’টি অনুষ্ঠান করা হয়নি। বক্স বাজানোর কথাও জানতাম না। সংগঠনগুলি নিজেদের ভুল স্বীকার করেছে। এবং ভবিষ্যতে এমন ভুল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনের নেতারা। তাঁরা জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা যে চলছে, সেটা তাঁদের খেয়াল ছিল না।” মহুয়াদেবী জানান, খবর পেয়েই তিনি বক্স বাজানো বন্ধ করার নির্দেশ দেন। তিনি দু’টি অনুষ্ঠানের কোনওটিতেই যাননি।