Hormuz Blockade

ভারত থেকে দুবাইগামী জাহাজ পেরোল হরমুজ়! আমেরিকা ‘অবরোধ’ শুরুর পর প্রণালী পার করা প্রথম জাহাজ এটিই: রিপোর্ট

ভারত থেকে দুবাইগামী জাহাজ হরমুজ় প্রণালী পার করে গন্তব্যের দিকে এগোচ্ছে। জাহাজের গতিপথের উপর নজরদারির তথ্য বিশ্লেষণ করে বিবিসি জানাচ্ছে, আমেরিকা অবরোধ শুরু করার পরে হরমুজ় পেরোনো প্রথম জাহাজ এটিই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:১৯
Share:

পণ্যবাহী জাহাজ ‘পায়া লেবার’। ছবি: রয়টার্স।

হরমুজ় প্রণালী পার করল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিগামী পণ্যবাহী জাহাজ। ‘পায়া লেবার’ নামে ওই জাহাজটি এখন দুবাইয়ের দিকে এগোচ্ছে। বিবিসি জানাচ্ছে, ইরানের বন্দরগুলির উপর আমেরিকা ‘সামরিক অবরোধ’ শুরু করার পরে এই প্রথম কোনও জাহাজ হরমুজ় অতিক্রম করল।

Advertisement

ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠক ভেস্তে যাওয়ার পরে হরমুজ়ে অবরোধের ঘোষণা করেন ট্রাম্প। সোমবার থেকে সেই অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। ওই ‘অবরোধ’ কী ভাবে চলবে, তা নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়ে দিয়েছিল, ইরানের বন্দরগুলিতে যাতায়াত করা জাহাজের উপরেই শুধু ‘অবরোধ’ কার্যকর হচ্ছে। তারা কোনও জাহাজকে ইরানের কোনও বন্দরে প্রবেশ করতে দেবে না। সেখান থেকে কোনও জাহাজকে বেরোতেও দেবে না। তবে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলিকে আমেরিকা কোনও বাধা দেবে না বলেও জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড।

এই অবস্থায় ভারত থেকে দুবাইগামী জাহাজ হরমুজ় প্রণালী পার করে গন্তব্যের দিকে এগোতে শুরু করেছে। জাহাজের গতিপথের উপর নজরদারির তথ্য বিশ্লেষণ করে বিবিসি জানাচ্ছে, আমেরিকা অবরোধ শুরু করার পরে হরমুজ় পেরোনো প্রথম জাহাজ এটিই। প্রতিবেদনে আরও জানানো হচ্ছে, আমেরিকা অবরোধ শুরু করার কয়েক ঘণ্টা আগেই চারটি জাহাজ হরমুজ় অতিক্রম করে। মেরিন ট্রাফিক ডেটার তথ্য অনুযায়ী, সেগুলিতে তেল, গ্যাস বা রাসায়নিক জাতীয় কোনও পদার্থ ছিল। এর মধ্যে ইরানের পেট্রোপণ্যবাহী একটি জাহাজও ছিল। ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল বলে জানাচ্ছে বিবিসি। তবে দুবাইগামী ওই জাহাজটি হরমুজ় পার করার পরে আর কোন কোন জাহাজ জলপথ পার করেছে, তা আপাতত জানা যায়নি।

Advertisement

ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা ২৩টি জাহাজকে চিহ্নিত করেছে বিবিসি। দাবি করা হচ্ছে, তার মধ্যে অন্তত ১৬টি জাহাজের সঙ্গে কোনও না কোনও ইরানি বন্দরের যোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement