আমেরিকা এবং ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র হানা ইরানে। আকাশে বিস্ফোরণের ধোঁয়া। ছবি: রয়টার্স।
ইরানের নেতা হোক সেই দেশেরই অভ্যন্তরের কেউ। এমনটাই চান ট্রাম্প। তবে সতর্কবার্তা আগামীর নেতা যেন না খামেনেইয়ের মত হন।
ইরানে আমেরিকার অভিযান প্রসঙ্গে ট্রাম্পের দাবি, যা হচ্ছে তা ইরানের ভালর জন্যই করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে নিজেদের দেশের জমি ব্যবহার করতে না দেওয়ার জন্য স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পরে এমনটাই জানালেন ট্রাম্প। শুধু স্পেন নয়, দেশের মধ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলিকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি না দেওয়ার জন্য যুক্তরাজ্যকেও তিরস্কার করেন আমেরিকার প্রেসিডেন্ট।
আমেরিকার তরফে আবারও দাবি করা হয়, মার্কিন মুলুকে ইরান হামলা চালাতে পারে এমন ইঙ্গিত পেয়েই ইজ়রায়েলের হাত ‘শক্ত’ করেছিল আমেরিকা।
আমেরিকার সেন্ট্রাল কমান্ড দাবি করল, গত শনিবার থেকে ইরানের ১৭০০ জায়গায় হামলা চালিয়েছে মার্কিন সেনা।
হিজ়বুল্লা দাবি করেছে, ইজ়রায়েলের ড্রোন গুলি করে নামিয়েছে তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২ দিনে ইজ়রায়েলের হামলায় ৪০ জন মারা গিয়েছেন সে দেশে। ২৪৬ জন আহত।
ইরানের দক্ষিণে বন্দর শহর বুশেহরে হামলা চালিয়ে বিমান ধ্বংস করেছে ইজ়রায়েল। দাবি করল তেহরান।
নেতানিয়াহু সরকারের দাবি, সেন্ট্রাল ইজ়রায়েলে হামলা চালিয়েছে ইরান।
হুঁশিয়ারি দিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরতে বলেছিল ইজ়রায়েল। তার পরেই পূর্ব তেহরানে তারা হামলা চালিয়েছে বলে দাবি করল ইরান।
ইরানের দাবি, রাজধানী তেহরানের বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজ়রায়েল।
পূর্ব তেহরানের বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলল ইজ়রায়েল।
আবার ইরান নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান নাকি আলোচনা চেয়েছিল! তবে ইরানের সেই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘বড্ড দেরি হয়ে গিয়েছে।’’ ট্রাম্পের আরও দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমানবাহিনী, নৌবাহিনী সব শেষ!
ইরানের পরমাণুকেন্দ্র নাতান্জ় ক্ষতিগ্রস্ত হয়েছে! নিশ্চিত করল রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তারা জানিয়েছে, ইরানের নাতান্জ় শহরে থাকা পরমাণুকেন্দ্রের কিছু জায়গার ক্ষতি হয়েছে। তবে এ-ও জানায়, ক্ষতির পরিমাণ তেমন মারাত্মক নয়। নাতান্জ় পরমাণুকেন্দ্রের প্রবেশের মুখে যে ভবনগুলি রয়েছে, সেগুলি আঘাতপ্রাপ্ত। অক্ষত রয়েছে মাটির নীচে থাকা পরমাণু স্থাপনা। কোনও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘায়েই জানিয়েছেন, তারা যুদ্ধ শুরু করেননি। তাই যুদ্ধ থামাতে হবে আমেরিকা এবং ইজ়রায়েলকে। আন্তর্জাতিক সংগঠনকে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমেরিকা এবং ইজ়রায়েল যে আগুন জ্বালিয়েছে, তা পুরো বিশ্বকে গিলে খাবে।
দক্ষিণ লেবাননে প্রায় ৫৯টি গ্রাম খালি করে বাসিন্দাদের চলে যেতে বলল ইজ়রায়েল। তারা জানাল, ওই এলাকায় হিজ়বুল্লা সশস্ত্র গোষ্ঠীর সদস্য়দের নির্মূল করতে অভিযান শুরু করা হবে।
কাতারের বিদেশ মন্ত্রক দাবি করেছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার চেষ্টা করেছিল ইরান। যদিও তা ব্যর্থ হয়েছে।
কাতারে ট্রানজ়িটে আটকে অন্তত আট হাজার জন। তাঁদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হবে বলে জানাল সে দেশের বিদেশ মন্ত্রক।
ইজ়রায়েল দাবি করেছে, ইরানে প্রেসিডেন্টের দফতরে হামলা চালিয়েছে তাদের বায়ুসেনা। সোমবার রাতে (ইরানের সময়ে) এই হামলা চালানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপর নজরদারি চালাতে ইজ়রায়েলের ট্রাফিক ক্যামেরা এবং মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছিল ইজ়রায়েল! একাধিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ সংবাদপত্র ‘ফিনানসিয়াল টাইম্স’-এর একটি প্রতিবেদনে।
পাকিস্তানে আমেরিকার উপদূতাবাসের সামনে তাণ্ডবের সময়ে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল মার্কিন মেরিন বাহিনী। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন আধিকারিকের সঙ্গে কথা বলে এই দাবি করছে তারা। যদিও মার্কিন বাহিনীর গুলিতেই বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। অন্য দেশে অবস্থিত কোনও কূটনৈতিক দফতরে মার্কিন বাহিনীর এমন পদক্ষেপ সচরাচর দেখা যায় না। কারণ, এমন পদক্ষেপের ফলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা থাকে।