Donald Trump's Assassination Attempt

কখনও কান ছুঁয়ে গিয়েছে গুলি, আবার কখনও গাড়িতে ধাক্কার চেষ্টা! অতীতে একাধিক বার ট্রাম্পকে খুনের ছক

হোয়াইট হাউসের নৈশভোজে হামলার কথা বর্ণনা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। আগেও তাঁর উপর এমন হামলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৩:১৮
Share:

পেনসিলভেনিয়ায় আততায়ীর গুলিতে আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

হোয়াইট হাউস আয়োজিত নৈশভোজ চলছে হিল্টন হোটেলে। তখন সবাই ব্যস্ত। সকলেই খোশমেজাজে। সেই অনুষ্ঠানে মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক এবং নেতা নৈশভোজে ছিলেন। আচমকা সেখানে গুলি চলে। তৎক্ষণাৎ সবাইকে নিরাপদ জায়গা সরিয়ে নিয়ে যাওয়া হয়। হামলার কথা বর্ণনা করতে গিয়ে ট্রাম্প জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। আগেও তাঁর উপর এমন হামলা হয়েছে। প্রতিবারই বেঁচে গিয়েছেন। তবে কখনও গুলির আঘাতে আহতও হয়েছেন তিনি।

Advertisement

ট্রাম্পের কথায়, ‘‘গত কয়েক বছরে আমার উপর একাধিক বার হামলা হয়েছে। বছর দুই আগে পেনসিলভেনিয়ায়, তার পরে ফ্লোরিডার পাম বিচে— আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম।’’ নৈশভোজে হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে কেন তিনি হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে এসেছে অতীতে কত বার ট্রাম্পকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়, তার খতিয়ান।

বাটলার, পেনসিলভেনিয়া

২০২৪ সালের জুলাই। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প বিভিন্ন জায়গায় প্রচার করছেন। সেই প্রচার চলাকালীনই পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সেই গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত হয়েছিলেন তিনি।

Advertisement

মার-এ-লাগো, ফ্লরিডা

পেলসিলভেনিয়ার ঘটনার দু’মাস পর ট্রাম্পকে হামলার চেষ্টার ছক হয়েছিল বলে দাবি করেছিলেন মার্কিন গোয়েন্দারা। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফ্লরিডার পাম বিচে মার-এ-লাগো গল্‌ফ কোর্সে এক সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছিল। গোয়েন্দারা সে সময় জানান, ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন।

লস ভেগাস, নেভাডা

২০১৬ সালের জুন মাসে লস ভেগাসে ট্রাম্পের সমাবেশে এক ব্যক্তি আচমকাই নিরাপত্তাকর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হন। গোয়েন্দারা জানান, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশেই বন্দুক কাড়ার চেষ্টা করেছিল ওই আততায়ী।

Advertisement

নর্থ ডাকোটা

২০১৭ সালের সেপ্টেম্বর মাসেও ট্রাম্পকে হত্যা করার ছক হয়েছিল। সে সময় এক আততায়ী নর্থ ডাকোটার তৈলশোধনাগার থেকে একটি ফর্কলিফ্ট (মাল বহনকারী এক বিশেষ যান) চুরি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ট্রাম্পের গাড়িতে ধাক্কা মারা। তবে ওই ফর্কলিফ্ট মাঝরাস্তাতেই যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। ফলে ট্রাম্পকে হামলার চেষ্টা ব্যর্থ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement