US Iran Negotiations

এক ঘণ্টায় পর পর সাত মিথ্যা বলেছেন ট্রাম্প! সমঝোতা সহজ নয়, পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকের আগে বলে দিল ইরান

শুক্রবার রাতে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ় প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইরান। তার পরেও এখনও হরমুজ় নিয়ে জট কাটেনি। জাহাজের নাবিকেরা জলপথ পেরোতে দ্বিধা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:১০
Share:

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। —ফাইল চিত্র।

এক ঘণ্টায় পর পর সাতটি মিথ্যা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। জানিয়ে দিলেন, সমঝোতা সহজ হবে না। এই মিথ্যায় সমঝোতার পথ আরও কঠিন হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী সোমবার পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারেন।

Advertisement

শুক্রবার রাতে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ় প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইরান। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ে দেন, ইজ়রায়েল ও লেবাননের সংঘর্ষবিরতি যত দিন চলবে, তত দিন হরমুজ় প্রণালীও খোলা থাকবে। তবে তার পরেই ট্রাম্প জানান, আমেরিকার নৌবাহিনী হরমুজ়ে যে অবরোধ শুরু করেছে, তা এখনই থামছে না। অর্থাৎ, ইরানের বন্দর থেকে আসা এবং সে দিকে যাওয়া জাহাজগুলিকে হরমুজ়ে আটকাবে আমেরিকা। ট্রাম্পের দাবি, অবরোধ বেশি ক্ষণ চলবে না। কারণ, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা প্রায় হয়েই এসেছে। তিনি আশাবাদী, শীঘ্রই হরমুজ়ে অবরোধ তোলা যাবে।

ট্রাম্পের এই পোস্টের পরেই গর্জে ওঠেন কালিবাফ। তিনি শনিবার সমাজমাধ্যমে লেখেন, ‘‘অবরোধ আমেরিকা চালিয়ে গেলে হরমুজ় প্রণালীও খুলবে না।’’ ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে জাহাজগুলিকে যাতায়াত করতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে দাবি করেন, ট্রাম্প একের পর এক মিথ্যা বলে চলেছেন। এক ঘণ্টায় তিনি ইরান সম্পর্কে সাতটি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ। কালিবাফের হুঁশিয়ারি, ‘‘এই ধরনের মিথ্যাচার যুদ্ধ বা সমঝোতার আলোচনায় সাফল্য এনে দেবে না।’’ হরমুজ় প্রণালীর অবস্থা এবং নিয়ন্ত্রণবিধি সমাজমাধ্যমে কোনও ঘোষণা দ্বারা নির্ধারিত হবে না বলে জানিয়েছেন কালিবাফ। বরং তা চলবে বাস্তব পদক্ষেপের নিরিখে।

Advertisement

পাকিস্তানে আমেরিকা ও ইরানের প্রথম দফার আলোচনায় তেহরানের অন্যতম প্রতিনিধি ছিলেন কালিবাফ। এ ছাড়া, আরাঘচিও আলোচনার জন্য ইসলামাবাদে গিয়েছিলেন। সোমবার দ্বিতীয় দফার আলোচনা হলে ইরান বা আমেরিকা থেকে কারা যাবেন, এখনও স্পষ্ট নয়। ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে সমঝোতা নিয়ে আশাবাদী। তবে আগামী বুধবারের মধ্যে চুক্তি না হলে ফের আমেরিকা বোমাবর্ষণ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement