Iran-Israel War

ট্রাম্পের সতর্কবার্তার পর পরই সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের! তবে হুঁশিয়ারিও দিয়ে রাখল ইজ়রায়েলকে

রবিবার থেকে আবার দুই দেশ সামরিক হামলা শুরু করে। প্রথমে ইরান হামলা চালায়। পাল্টা হামলার পথে হাঁটে ইজ়রায়েলও। তার মধ্যেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৮:৪০
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং মোজতবা খামেনেই (ডান দিকে)। — ফাইল চিত্র।

ইজ়রায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করার কথা ঘোষণা করল ইরান। তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে। যদি তারা লেবাননে হামলা অব্যাহত রাখে তবে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান। এই ঘোষণার কিছু সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইজ়রায়েলকে হামলা বন্ধ করতে বলেন। পাশাপাশি, এ-ও জানান, দুই দেশই ‘অবিলম্বে সংঘর্ষবিরতি চাইছে’।

Advertisement

সোমবার নিজের ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট করেন ট্রাম্প। প্রথম পোস্টেই ইরান-ইজ়রায়েলকে যুদ্ধ বন্ধ করার জন্য সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ঘণ্টাখানেক পরের পোস্টে তিনি লেখেন, ‘‘ইজ়রায়েল এবং ইরান, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি করতে চাইছে। শান্তি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে, তবে অজ্ঞতা বা কারও মূর্খতা এতে বাধা সৃষ্টি করতে পারে।’’ একই সঙ্গে ট্রাম্প জানান, হরমুজ় প্রণালীতে বহাল থাকবে মার্কিন বাহিনীর অবরোধ। তিনি লেখেন, ‘‘চূড়ান্ত চুক্তি না-হওয়া পর্যন্ত ওই অবরোধ বহাল থাকবে। আমি মনে করি শান্তি চুক্তি সংক্রান্ত বিষয়গুলি দ্রুত এগোনো উচিত।’’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। একই দিনে ইরানে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বিমানবহরও। সেই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন রোরিং লায়ন’ বা ‘লায়নস রোর’। পাল্টা ইরানি সেনা পশ্চিম এশিয়ায় ইজ়রায়েল এবং আমেরিকা ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’। ইরানের শীর্ষনেতা আয়াতোল্লা খামেনেই-সহ একাধিক প্রথম সারির সামরিক ও অসামরিক নেতার মৃত্যু হলেও নতিস্বীকার করেনি তারা। শেষপর্যন্ত গত এপ্রিলে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দু’পক্ষ। তার পর থেকে ইরান-ইজ়রায়েল নিজেদের মধ্যে সরাসরি সংঘর্ষে জড়ায়নি। কিন্তু রবিবার থেকে আবার উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশ। ইজ়রায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে ইরান। তারা জানায়, লেবাননের রাজধানী বেইরুটে ইজ়রায়েলের আক্রমণের প্রতিবাদেই পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা ইজ়রায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ইরান পাল্টা জবাব দেয় রবিবার। সোমবার সকালে ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার পরই আসরে নামেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে ফোনে প্রায় আধ ঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রনেতার। সূত্রের খবর, ইরানে এখনই কোনও প্রত্যাঘাত করতে ইজ়রায়েলকে নিষেধ করেছিলেন ট্রাম্প।

Advertisement

সোমবার দুপুরে (ভারতীয় সময়) আবার এক বার যুদ্ধ বন্ধ করার জন্য ইরান-ইজ়রায়েলকে সতর্ক করেন ট্রাম্প। তার পরেই তেহরানের তরফে সামরিক অভিযান স্থগিতের কথা জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, সে দেশের শীর্ষ সামরিক কমান্ডর খাতাম আল-আনবিয়া সশস্ত্র অভিযান আপাতত বন্ধের কথা ঘোষণা করেছেন। যদি ইজ়রায়েলি হামলা অব্যাহত থাকে তবে আগের চেয়ে আরও কঠোর এবং জোরাল জবাব দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement