US Iran Tensions

পশ্চিম এশিয়ায় একের পর এক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ ইরানের! মুহুর্মুহু বিস্ফোরণ দুবাই, দোহা-সহ একাধিক শহরে

আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩
Share:

বাহরিনে রাজধানী মানামা বন্দরে বিস্ফোরণ হয় শনিবার। ছবি: রয়টার্স।

তেহরানে মার্কিন হামলার পরে এ বার পাল্টা আক্রমণ শুরু করে দিল ইরান। হামলার প্রাথমিক ধাক্কার কিছু ক্ষণের মধ্যেই ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছু়ড়েছে তেহরান। ইরানের সংবাদসংস্থা ‘ফার্‌স’ জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা শুরু করেছে ইরানি বাহিনী। রয়টার্স জানাচ্ছে, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনা ছাউনি রয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। একই সঙ্গে আমেরিকার অন্তত ছয় বন্ধু দেশে হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ইজ়রায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দুপুরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে কাতারের রাজধানী দোহাতেও। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরশাহীতে এক জনের মৃত্যুও হয়েছে। কাতারের রাজধানী দোহাতেও একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

Advertisement

উদ্ভূত পরিস্থিতিতে দোহায় ভারতীয় দূতাবাস থেকে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। সকল ভারতীয়কে বাড়ির মধ্যে বা অন্য কোনও আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন না-হলে বাইরে না-বেরোনোর জন্য বলা হয়েছে দোহা এবং কাতারের অন্য শহরগুলিতে থাকা ভারতীয়দের। ইজ়রায়েলের ভারতীয় দূতাবাস থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। ইজ়রায়েলি কর্তৃপক্ষ সেখানে যে সতর্কমূলক পদক্ষেপ করছেন, তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের।

গত বছর মার্কিন বাহিনী ইরানে হামলার পরেও পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল ইরান। গত বছরের জুনে কাতারের মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ইরান। কাতারের রাজধানী দোহায় তখনও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এ বার এক বছরের মধ্যে ফের সেই মার্কিন সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করল ইরানের বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement