মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।
শনিবার থেকে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ শুরু করেছে আমেরিকা। সেই যুদ্ধ চার সপ্তাহের বেশি চলতে পারে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, ইরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছিল, তা আমেরিকার কাছে হুমকি কারণ হয়ে উঠেছিল। আর ঠিক সেই কারণেই ইরানে হামলার প্রয়োজন ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।
রবিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছিলেন। সোমবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন এবং বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বললেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে ওই তিন দেশে ইরানের হামলার পরেই আলোচনা হল তাঁর।
সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে, ইরানের ইশফাহান পরমাণুকেন্দ্রের আশপাশ এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, ওই পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় পরমাণুকেন্দ্রের কতটা ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
সোমবার সন্ধ্যায় দুবাই বিমানবন্দর আংশিক খুলল। সংযুক্ত আরব আমিরশাহি অসমারিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে দুবাই বিমান বন্দর থেকে সীমিত উড়ান পরিষেবা চালু করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের সরানোর জন্য বিমান পরিচালনা করা হচ্ছে। আবু ধাবি থেকে ওড়া উড়ান দিল্লিতে অবতরণ করেছে।
ইজ়রায়েলি বাহিনী জানিয়েছে, তারা নতুন করে লেবাননে হামলা শুরু করেছে। নজর হিজ়বুল্লার ঘাঁটি। এই পরিস্থিতিতে দ্রুত যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসার আহ্বান জানাল রাশিয়া।
যুদ্ধ পরিস্থিতিতে কার্যত বন্ধ হয়ে গিয়েছে বিমান পরিষেবা। পশ্চিম এশিয়ার বিশ্বের বিভিন্ন প্রান্তের সংযোগরক্ষাকারী অন্তত ৬০০০ উড়ান বাতিল হয়েছে।
মার্কিন অভিযানের লক্ষ্যই ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎপাদকেন্দ্র, তাদের নৌবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো ধ্বংস করা।
ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রতিরক্ষা সচিব তথা পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের বিরুদ্ধে অন্তকাল ধরে ‘যুদ্ধ’ করার কোনও পরিকল্পনা নেই আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চান না সেটা। তিনি চান না এটা ইরাক যুদ্ধের পুনরাবৃত্তি হোক।
আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় মৃত্যুু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। সেই সময়ই জখম হন তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহ। ইরানি সংবাদমাধ্যমগুলির দাবি, সোমবার তাঁর মৃত্যু হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তুত কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সরকারের তরফে। কী ভাবে সেই সব দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ঊর্ধ্বতন আধিকারিকেরা আলোচনা করছেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
কাতার জানিয়েছে, তারা ইরানের দু’টি ড্রোন হামলা রুখে দিয়েছে। ইরানের নিশানায় ছিল কাতারের জ্বালানিকেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই হামলার চেষ্টার কথা জানিয়েছে। তারা এ-ও জানিয়েছে, এই হামলায় হতাহতের কোনও খবর নেই। তবে বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘কাতার এনার্জি’ জানিয়েছে, তারা বর্তমানে কেন্দ্র বন্ধ রেখেছে।
ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী দাবি করেছে, তারা ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালানো হয়েছে! ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় ইরান।
সোমবার ক্রেমলিন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ইরান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে। নজর রাখছে ঘটনাক্রমের উপরও।
আমেরিকা এবং ইজ়রায়েলি হামলায় কি ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণুকেন্দ্র? ছবিটা এখনও স্পষ্ট নয়। তবে ইরানের রাষ্ট্রদূত রেজ়া নাজাফির দাবি, রবিবার ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় ক্ষতি হয়েছে নাতান্জ় পরমাণুকেন্দ্র। যদিও রাষ্ট্রপুঞ্জের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এখনও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও তথ্য দেয়নি।