মার্কিন-ইজ়রায়েলি হামলায় তেহরানে ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স।
সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া প্রায় ৭০০০ ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। গত তিন দিনে ধাপে ধাপে তাঁদের নিয়ে আসা হয়েছে।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আবু ধাবির জ়ায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। দেশ জুড়ে সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কায় কাউকে জানলা, দরজা বা খোলা জায়গায় থাকতে নিষেধ করা হয়েছে।
হরমুজ় প্রণালী আদৌ বন্ধ করা হয়নি, দাবি করল ইরান। এই সংক্রান্ত অভিযোগকে তারা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের ইরান মিশন জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধ। বরং সমুদ্রের নিরাপত্তা বিঘ্নিত করার পাল্টা অভিযোগ তারা তুলেছে আমেরিকার বিরুদ্ধে।
ইজ়রায়েলি সেনা দাবি করেছে, লেবাননে হামাস কমান্ডার ওয়াসিম আত্তাল্লাহ আলি তাদের হামলায় নিহত হয়েছেন।
আকাশসীমা বন্ধ করে দিল আজ়ারবাইজান। বৃহস্পতিবার এই দেশ লক্ষ্য করে চারটি ড্রোন ছুড়েছে ইরান। তার পরেই দেশের দক্ষিণ প্রান্তের আকাশসীমা বন্ধ করে দিয়েছে সরকার। আপাতত ১২ ঘণ্টা তা বন্ধ থাকবে।
ইরাকের এরবিলে মার্কিন সেনার সদর দফতরে ড্রোন হামলা চালল ইরান।
রাশিার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও সামরিক সাহায্য চায়নি ইরান, দাবি করল ক্রেমলিন। তবে তারা জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতে প্রথম থেকেই তাদের অবস্থান এক। তাতে পরিবর্তন হয়নি।
লেবাননের দক্ষিণ বেইরুটে আবার হামলা চালাতে চলেছে ইজ়রায়েল। সেখান থেকে বাসিন্দাদের উত্তর বা পূর্ব দিকে সরে যেতে বলা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। কূটনীতি এবং আলোচনার গুরুত্ব সম্পর্কে তাঁরা একমত হয়েছেন।
মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই ধ্বংস করেছে বলে দাবি করল ইরানের রেভলিউশনারি গার্ড। দেশের দক্ষিণ সীমান্তের কাছে দুই আসন বিশিষ্ট এই যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় তারা। এই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের দূতাবাসেও গিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার পাঁচ দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা বলল ভারত।
লেবাননেও সংঘর্ষ জারি। ইরান সমর্থিত গোষ্ঠী হিজ়বুল্লাকে নিশানা করে সেখানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। একাধিক গ্রাম খালি করে দিতে বলা হয়েছে।
পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে যে প্রত্যাঘাত চালাচ্ছে তেহরান, তাতে তিনটি দেশে অন্তত ২০টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তারা জানিয়েছে, কুয়েত, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলায় ২০টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।