Thor Chingri Recipe

কুচো থোড়ে মিশুক কুচো চিংড়ি! সপ্তাহান্তে বানিয়ে নিন জিভে জল আনা বিশেষ ঘণ্ট

ছুটিতে তৃপ্তি করে, কব্জি ডুবিয়ে ভাত খেতে ইচ্ছে করে। আর তাতে যদি চিংড়ি থাকে মেনুতে, জমে যাবে খাওয়াটা। রইল থোড়-চিংড়ির ঘণ্টের রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১২:০০
Share:

ছবি: সংগৃহীত।

সপ্তাহান্তের ছুটি শুরু হল। খাটাখাটনি একেবারে পছন্দ নয় এ সময়ে। কিন্তু তৃপ্তি করে, কব্জি ডুবিয়ে ভাতও খেতে ইচ্ছে করে। আর তাতে যদি চিংড়ি থাকে মেনুতে, জমে যাবে খাওয়াটা। তাই এমন এক রান্নার সন্ধান রইল, যাতে কসরতের প্রয়োজন কম, অথচ সুস্বাদুও বটে। রইল থোড়-চিংড়ির ঘণ্টের রেসিপি।

Advertisement

উপকরণ

১টি মাঝারি আকারের কচি থোড়

Advertisement

৫-৬টি লঙ্কা (চিরে রাখা)

২৫০ গ্রাম চিংড়ি

১ টেবিল চামচ গোটা জিরে

৪ টেবিল চামচ সর্ষের তেল

১টি তেজপাতা

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ চিনি

১ চা চামচ ভাজা জিরেগুঁড়ো

আধ চা চামচ গরমমশলা

আধ চা চামচ ঘি

স্বাদমতো নুন

প্রণালী

ভাল করে জল দিয়ে ধুয়ে মিহি করে কুচিয়ে রাখুন থোড়গুলি। কাটার পর আরও এক বার জলে ধুয়ে নিতে পারেন। তার পর অল্প নুন দিয়ে থোড়গুলি হাতে করে মেখে নিতে হবে। নুন মাখানোর সময়ে একটু আলতো চাপ দিলে নরম হবে থোড়। ও দিকে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন ও এক চিমটে হলুদ দিয়ে মেখে রাখতে হবে।

এ বার শুকনো খোলায় জিরে ভেজে নিতে হবে। তার পর জিরে তুলে নিয়ে তাতে তেল দিয়ে দিন। ফোড়নের জন্য তেজপাতা আর জিরে ঢেলে দিতে হবে। তাতে এ বার চিংড়ি মাছগুলি লাল লাল করে ভেজে নিন। এর মধ্যেই থোড়গুলি ঢেলে দিন। চিরে রাখা লঙ্কা এবং হলুদ মিশিয়ে দিন কড়াইয়ে। ভাল করে কষানোর পর চিংড়ি ও থোড় অল্প সেদ্ধ হয়ে এলে তাতে চিনি ছড়িয়ে দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না হতে দিন।

রান্না শেষ হয়ে এলে ভাজা জিরেগুঁড়ো, ঘি এবং গরমমশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে দিতে হবে। গরম গরম ভাতে থোড়-চিংড়ির ঘণ্ট মেখে খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement