US-Iran Conflict

ইরানের ইসফাহানে জোরালো বিস্ফোরণ! অস্ত্রভান্ডারে যৌথ হামলা আমেরিকা, ইজ়রায়েলের! ভিডিয়ো প্রকাশ করলেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার রাতে ইসফাহানের একটি অস্ত্রভান্ডারে ৯০৭ কিলোগ্রামের বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১০:০০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইরানের ইসফাহানে অস্ত্রভান্ডার লক্ষ্য করে যৌথ হামলা চালাল আমেরিকা এবং ইজ়রায়েল। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার রাতে ইসফাহানের একটি অস্ত্রভান্ডারে ৯০৭ কিলোগ্রামের বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।

Advertisement

ঘটনাচক্রে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ (ভারতীয় সময় অনুসারে) জোরালো বিস্ফোরণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিয়োটির কোনও বিবরণ বা ব্যাখ্যা দেননি তিনি। তবে অনেকেই মনে করছেন, ইসফাহানে হামলার ভিডিয়োই প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের পোস্ট করা ভিডিয়োয় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তার পরেই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বড় আগুনের গোলা উপর দিকে উঠছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইসফাহান ইরানের গুরুত্বপূর্ণ একটি শহর। এই শহরে ২৩ লক্ষ মানুষের বাস। ইরানের বায়ুসেনা ঘাঁটি বদর্‌ও এই শহরে রয়েছে। তা ছাড়া ইসফাহান শহরের পূর্ব দিকে রয়েছে ইরানের বৃহত্তম পরমাণু গবেষণাকেন্দ্রটি।

Advertisement

গত সপ্তাহেই ইসফাহান শহরের একটি গ্যাস উৎপাদন সংস্থায় আমেরিকা হামলা চালিয়েছে বলে দাবি করেছিল ইরান। ওই হামলার জেরে বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোমবারের হামলার পরেও ইসফাহানের আশপাশের এলাকা কেঁপে উঠেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ (প্রায় ৫৪০ কেজি) ইসফাহান শহরের তলায় সরিয়ে ফেলেছে তেহরান প্রশাসন। তার পরেই এই শহরে আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement