Narendra Modi’s Malaysia Visit

মালয়েশিয়া সফর শুরু মোদীর, সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সওয়ার হলেন এক গাড়িতে! টানলেন তামিল প্রসঙ্গও

শনিবারই দু’দিনের সফরে মালয়েশিয়া পাড়ি দিয়েছেন মোদী। কুয়ালালামপুরে নামেন তিনি। বিমানবন্দর থেকে একই গাড়িতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি কর্মসূচিতে যান ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬
Share:

(বাঁ দিকে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একই গাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এক্স (সাবেক টুইটার)।

২০২৬ সালে বিদেশ সফর মালয়েশিয়া থেকে শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, উন্নতির জন্য ভারতই এখন বিশ্বস্ত অংশীদার। মোদী এ-ও মনে করেন, বিশ্বাসই এখন ভারতের শক্তিশালী মুদ্রা!

Advertisement

শনিবারই দু’দিনের সফরে মালয়েশিয়া পাড়ি দিয়েছেন মোদী। কুয়ালালামপুরে নামেন তিনি। বিমানবন্দর থেকে একই গাড়িতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী ভারতীয়দের একটি কর্মসূচিতে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে অনাবাসী ভারতীয়দের মোদী বলেন, ‘‘ভারত ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে।’’ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বার্তাও দেন তিনি। তাঁর সুরেই আনোয়ার জানান, ভারত তাঁদের ‘শীর্ষ বাণিজ্যিক অংশীদার’দের মধ্যে অন্যতম। তাঁর কথায়, ‘‘শুধুমাত্র পণ্যই আমাদের মধ্যে রফতানি হয় না। বহু ভারতীয় পর্যটক মালয়েশিয়ায় এসেছেন। শুধু ২০২৫ সালেই ১৫ লক্ষের বেশি ভারতীয় ঘুরতে এসেছেন আমাদের দেশে।’’

মঞ্চে থাকা আনোয়ারের গায়ক-সত্ত্বার প্রশংসা করেন মোদী। একই সঙ্গে অভিনেতা-রাজনীতিক এমজি রামচন্দ্রনের তামিল গানের প্রতি মালয়েশিরার প্রধানমন্ত্রীর ভালবাসার কথা তুলে ধরেন। সেই বিষয়টি বলে গিয়ে মোদীর ভাষণে উঠে এসেছে তামিল ভাষার প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‘তামিল হল বিশ্বের কাছে ভারতের উপহার। তামিল ভাষাভাষির মানুষ তাঁদের প্রতিভা দিয়ে মানবতার সেবা করেন।’’ সেই প্রসঙ্গে মোদী উল্লেখ করেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কথা। ভারতের প্রধানমন্ত্রী এ-ও জানান, ভারত এবং মালয়েশিয়ার মধ্যে সেতুবন্ধনের কাজ করেন প্রবাসী ভারতীয়েরা। মালয়েশিয়ায় নতুন কনস্যুলেটের ঘোষণাও করেন মোদী। এ ছাড়াও তিনি জানান, শীঘ্রই মালয়েশিয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই চালু হবে। ভারতে পড়াশোনা করা প্রবাসী পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ (বৃত্তি) চালুর কথাও বলেন মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement