Iran War

‘ভারতকে সুবিধা পাইয়ে দিতেই ইরানে শাসক পরিবর্তনে সক্রিয় ইজ়রায়েল’! অভিযোগ পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, যদি ইরানে শাসক পরিবর্তন ঘটে, তবে তা হবে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ইজ়রায়েলের যৌথ অ্যাজেন্ডার সফল রূপায়ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৫০
Share:

খাজা আসিফ। —ফাইল চিত্র।

ইরানের উপর ইজ়রায়েলি হামলাকে ‘জায়নবাদী পরিকল্পনা’ বলে চিহ্নিত করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেই সঙ্গে তাঁর অভিযোগ, ভারতকে সুবিধা পাইয়ে দিতেই ইরানে শাসক পরিবর্তনে সক্রিয় হয়েছে তেল আভিভ।

Advertisement

এক্স পোস্টে, আসিফ লিখছেন, ‘‘যদি ইরানে শাসক পরিবর্তন ঘটে, তবে তা হবে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ইজ়রায়েলের যৌথ অ্যাজেন্ডা। পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতাই যার লক্ষ্য।’’ ভারত ইতিমধ্যেই আফগানিস্তানের শাসক তালিবানকে পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি’ হিসাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। আসিফের মন্তব্য, ‘‘এখনও ওদের লক্ষ্য ইজ়রায়েলের প্রভাবকে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত করা।’’ ইরানে শাসক পরিবর্তন হলে সেখানকার ইজ়রায়েল মদতুপুষ্ট সরকার ভবিষ্যতে ভারত-আফগানিস্তানের সঙ্গে ‘ত্রিপাক্ষিক’ অক্ষ গড়ে পাকিস্তানের সার্বভৌমত্বের পরিপন্থী পদক্ষেপ করবে বলেও অভিযোগ তুলেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

আসিফ মঙ্গলবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এর ফলে আমাদের সীমান্ত অসুরক্ষিত হয়ে পড়বে। চারপাশে শত্রু ঘিরে ফেলবে।’’ গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নাঙ্গরহর এবং পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। সেই হামলায় ১৯ জনেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। পাক সেনার দাবি, আফগানিস্তানে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তালিবান সেই অভিযোগ উড়িয়ে নিরীহ গ্রামবাসীদের হত্যার অভিযোগ তুলেছেন ইসলামাবাদের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে দফায় দফায় ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় পাক সেনা এবং আফগান বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে। আফগান তালিবান জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement