US Iran Tension

ইরানে গিয়ে পৃথক ভাবে বৈঠকে পাক সেনার সর্বাধিনায়ক মুনির! শীঘ্রই ফের ইসলামাবাদে যেতে পারে আমেরিকার প্রতিনিধিদল

প্রথম বৈঠক ভেস্তে গেলেও আমেরিকা এবং ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। এই পর্বে দু’দেশের মধ্যে কী কী কথাবার্তা হয়েছে, তা নিয়ে বৈঠকে বসবেন মুনির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩২
Share:

পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনির। — ফাইল চিত্র।

ইরানের সঙ্গে পৃথক ভাবে বৈঠকে বসছে পাকিস্তান। আমেরিকার সঙ্গে কী কী কথাবার্তা হয়েছে, বৃহস্পতিবার তা নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। মধ্যস্থতা-বৈঠকের জন্য ইতিমধ্যে তেহরানে পৌঁছে গিয়েছে পাকিস্তানি প্রতিনিধিদল। তার নেতৃত্বে রয়েছেন পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনির। আমেরিকা-ইরান শান্তি আলোচনায় অন্যতম প্রধান মধ্যস্থতাকারী তিনি। বুধবার তেহরানে পৌঁছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাতও সেরেছেন মুনির।

Advertisement

গত সপ্তাহের ইসলামাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার পরেও আমেরিকা এবং ইরানের মধ্যে কূটনৈতিক স্তরে যোগাযোগ চলছে। এই পর্বে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কী কী কথাবার্তা হয়েছে, সেই বিষয়েই বৃহস্পতিবার ইরানি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুনির। ইরানের সরকারি সংবাদসংস্থা ‘তাসনিম’ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আবার পাক সেনা এর আগে জানিয়েছিল, ওয়াশিংটনের তরফে একটি বার্তা পাঠানো হয়েছে ইসলামাবাদকে। সেই বার্তাই মুনিরের নেতৃত্বে পাক প্রতিনিধিদল পৌঁছে দেবে ইরানের কাছে। বস্তুত, আমেরিকা-ইরানের শান্তি আলোচনার সম্ভাবনা শুরুর সময় থেকেই মধ্যস্থতা করে যাচ্ছে পাকিস্তান। এ অবস্থায় পাক সেনাপ্রধানের ইরান সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বুধবার মুনির তেহরানের পৌঁছোনোর পরই তাঁর একদফা কথাবার্তা হয়েছে আরাঘচির সঙ্গে। ওই সাক্ষাতের পরে এক সংক্ষিপ্ত বিবৃতিতে আরাঘচি জানান, মুনিরকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই আনন্দিত। পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতাবস্থা ফেরানোর জন্য ইরানের সদিচ্ছার কথাও জানান তিনি। তবে বৃহস্পতিবার মুনিরের সঙ্গে কারা বৈঠক করবেন, সেই বৈঠকে আরাঘচিও থাকবেন কি না, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

Advertisement

ইসলামাবাদ বৈঠক ভেস্তে গেলও শান্তি আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। জানা যাচ্ছে, শীঘ্রই ইরানের সঙ্গে ফের বৈঠকে বসতে পারে আমেরিকা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, আগামী সপ্তাহেই এই বৈঠক হতে পারে।

অন্য দিকে, আমেরিকা-ইরানের ঘোষিত দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও ফুরোচ্ছে আগামী সপ্তাহেই। এ অবস্থায় মুনিরের ইরান সফরে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর রাখছে আমেরিকাও। হোয়াইট হাউস বুধবার জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে তারা আশাবাদী। তারা এ-ও জানিয়েছে, দ্বিতীয় দফাতেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় আমেরিকা।

Advertisement

এ বারের বৈঠকটি কোথায় হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পাকিস্তান চাইছে ইসলামাবাদেই ফের আলোচনায় বসুক দু’পক্ষ। হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। তবে পাকিস্তানে যে এই বৈঠক হতে পারে, সেই ইঙ্গিত মিলেছে আমেরিকা থেকেও। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, মার্কিন প্রতিনিধিদল আগামী সপ্তাহে ফের ইসলামাবাদে যেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement