আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপর প্রস্রাব করার অভিযোগ। ছবি: রয়টার্স।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপর প্রস্রাব করার অভিযোগ। সমাজমাধ্যমে যে ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। হাওয়াই দ্বীপের কিলাউইয়ে আগ্নেয়গিরিতে এক ব্যক্তির এমন আচরণের পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও।
সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কিলাউইয়ে আগ্নেয়গিরিতে প্রস্রাব করছেন এক ব্যক্তি। ছবিটিতে যাঁকে উল্লেখ করা হয়েছিল, তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছেন বলেও দাবি করা হয়েছে। ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বাসিন্দা না বিদেশি পর্যটক, তা স্পষ্ট হয়নি। হাওয়াইয়ের জনৈক সমাজকর্মী জানিয়েছেন, দ্বীপের বিভিন্ন অংশের সঙ্গে স্থানীয়দের আত্মিক যোগ রয়েছে। বিদেশ থেকে যাঁরা সেখানে বেড়াতে যান, তাঁরা এই সংযোগের মর্ম বোঝেন না। সংশ্লিষ্ট আগ্নেয়গিরিটির সঙ্গেও হাওয়াইয়ের মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। যে কারণে তার উপর প্রস্রাবের ঘটনায় গর্জে উঠেছেন স্থানীয়দের অনেকে।
গত শনিবার ইনস্টাগ্রামে বিতর্কিত ছবিটি পোস্ট করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ছবিতে যাঁকে অপকর্ম করতে দেখা গিয়েছিল, তিনি আলখাল্লা পরে ছিলেন। পিঠে ছিল একটি ব্যাগ। পিছন দিক থেকে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, ওই ব্যক্তির প্যান্ট নীচের দিকে নামানো।
হাওয়াই ন্যাশনাল পার্ক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ইনস্টাগ্রামে এই ধরনের পোস্টে তারা অসন্তুষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি উন্নত এলাকায় এ ভাবে প্রস্রাব করা একান্তই অনুচিত। সেই সঙ্গে এই ঘটনা সংশ্লিষ্ট আগ্নেয়গিরির সাংস্কৃতিক ঐতিহ্যকেও ধূলিসাৎ করেছে।’’
হাওয়াইয়ের স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী, এই আগ্নেয়গিরির আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এখানে বাস করেন আগুন এবং আগ্নেয়গিরির দেবী পেলে। ফলে বিতর্কিত ছবিটি দেখে ক্ষুব্ধ হাওয়াইবাসী।