প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
সংযুক্ত আরব আমিরশাহির ফুজেইরা তৈল শোধনাগারে হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। সেই হামলায় ওই তৈল শোধনাগারের তিন ভারতীয় কর্মী আহত হয়েছেন বলে সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এই ধরনের ঘটনা কোনও ভাবেই কাম্য নয় বলে মঙ্গলবার হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘‘এই হামলা অত্যন্ত নিন্দনীয়। তিন জন ভারতীয় আহত হয়েছেন। সাধারণ মানুষের উপর হামলা কোনও ভাবে মেনে নেওয়া যায় না।’’ প্রসঙ্গত, সোমবার সংযুক্ত আরব আমিরশাহির ফুজেইরা শহরের এক তৈল শোধনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফেও এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফুজেইরা তৈল শোধনাগারে হামলায় তিন ভারতীয় আহত। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। মন্ত্রকের তরফে আরও জানানো হয়, এই হামলা অবিলম্বে বন্ধ করা হোক। প্রসঙ্গত, মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছে। হরমুজ়কে ইরানের দখলমুক্ত করার জন্য নতুন করে এই অভিযান শুরু হয়েছে।
মার্কিন বাহিনী সোমবার হরমুজ় দখলমুক্ত করার চেষ্টা করতেই ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে। হামলা চালানো হয় ফুজেইরাতেও। আর সেই ঘটনায় তিন ভারতীয় আহত হয়েছেন। তার পরই নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিল, এই ধরনের ঘটনা না হওয়াই কাম্য। সংযুক্ত আরব আমিরশাহির তরফে দাবি করা হয়েছে, চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে একটি হামলা চালায় ফুজেইরা তৈল শোধনাগারে। প্রসঙ্গত, এই শহর থেকেই ওমান উপসাগরের মাধ্যমে তেল রফতানি করে সংযুক্ত আরব আমিরাশাহি। সে দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহর।