Iran-Israel Conflict

ইরানের সঙ্গে সংঘাত দ্রুত থামুক, খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে বার্তা পুতিনের, ফোনে কথা পেজ়েশকিয়ানের সঙ্গে

ইরানের সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনে কথা হয় রুশ প্রেসিডেন্টের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৬:১৫
Share:

(বাঁ দিকে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। (ডান দিকে) ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আশু সমাধান চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তা-ই নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে পুতিনের বার্তা, এখনই এই ‘শত্রুতার’ রাস্তা থেকে সরে দাঁড়ানো দরকার। সরাসরি নাম উল্লেখ না করলেও ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধেই যে তিনি বার্তা দিতে চাইলেন, তা তাঁর কথা থেকে তা স্পষ্ট।

Advertisement

ইরানের সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনে কথা হয় রুশ প্রেসিডেন্টের। ইরানে যে ভাবে সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকার সামরিক অভিযানে, সেই ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পুতিন। তার পরই তিনি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া দেশগুলির উদ্দেশে বার্তা দেন, শত্রুভাবাপন্ন অবস্থা থেকে সরে দাঁড়ানো উচিত। এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।

ক্রেমলিন জানিয়েছে, পশ্চিম এশিয়ার এই সামরিক সংঘাত নিয়ে রাশিয়ার অবস্থান ঠিক কী, তা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি জানিয়েছেন, শক্তিপ্রয়োগ এবং শক্তি আস্ফালনের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আলাপ-আলোচনা এবং কূটনৈতিক পথেই এই সমস্যার সমাধান সম্ভব বলেই মনে করেন পুতিন। ক্রেমলিনের তরফে আরও জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে অনবরত যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট পুতিন।

Advertisement

ইরান এবং সে দেশের নাগরিকদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট, তার জন্য তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজ়েশকিয়ান। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতে ইরানকে সহযোগিতা করছে রাশিয়া, সম্প্রতি এমনই দাবি উঠেছে। আর সেই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। তাদের সাহায্য ছাড়া ইরান এই সংঘাতে এঁটে উঠতে পারত না বলেও দাবি করা হয়েছে। যদিও এই দাবি সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিনের তরফে। বরং ক্রেমলিন জানিয়েছে, ইরান প্রেসিডেন্ট ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্টকে। তাঁদের মধ্যে এই সামরিক সংঘাত নিয়ে আলোচনা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement