US-Iran War

‘যুদ্ধে জিতছি’, ঘোষণা করলেন ট্রাম্প, হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসানো যাবে না! ফের সংঘাতের বার্তা দিল ইরানও

ইরান শান্তিবৈঠকে যোগদানের সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছে। সে দেশের পার্লামেন্টের স্পিকার ঘালিবাফ সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, হুমকি দিয়ে তাঁদের আলোচনার টেবিলে বসানো যাবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৮:৩১
Share:

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

ফের যুদ্ধজয়ের দাবি শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের মুখে। মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “আমরা একটা যুদ্ধ বিশাল ভাবে জিততে চলেছি।” অন্য একটি পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সমঝোতা করার জন্য তাঁর উপর কোনও চাপ নেই। তবে আমেরিকার সঙ্গে ইরানের বোঝাপড়া খুব দ্রুতই হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবারই ট্রাম্প জানিয়েছিলেন, কোনও চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হলে প্রচুর বোমা বিস্ফোরণ শুরু হবে। একটি সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কী হবে? ট্রাম্প বলেন, ‘‘তখন প্রচুর বোমা ফাটবে।’’ একই সঙ্গে ট্রাম্প জানান, ইরান ইসলামাবাদে আয়োজিত শান্তিবৈঠকে যোগ দেয় কি না, সে দিকে তাঁরা নজর রাথছেন।

ইরান অবশ্য শান্তিবৈঠকে যোগদানের সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছে। সে দেশের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের ঘালিবাফ সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, হুমকি দিয়ে তাঁদের আলোচনার টেবিলে বসানো যাবে না। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেছেন যে, “গত দু’সপ্তাহে যুদ্ধক্ষেত্রে আমরা নতুন সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত করার প্রস্তুতি নিয়েছি।” তাঁর এই বার্তা ফের সংঘাত শুরুর ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

Advertisement

সমাজমাধ্যমে ইরানের পার্লামেন্টের স্পিকার লিখেছেন, “যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে নিজের কল্পনায় আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন। কিংবা তাঁর লক্ষ্য হল, যুদ্ধ শুরুর নতুন বাহানা খোঁজা।” একই সঙ্গে তাঁর সংযোজন, “হুমকি দিয়ে আলোচনায় বসতে বলা হলে আমরা তা মানব না।”

গত ১১-১২ এপ্রিল ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা হয়েছিল। প্রায় ২১ ঘণ্টা বৈঠকের পরে কোনও সমাধানসূত্র ছাড়াই তা শেষ হয়েছিল। এ দিকে দু’দেশের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও ফুরিয়ে আসছে। আগামী বুধবার আমেরিকা-ইরানের প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে হতে চলা দ্বিতীয় দফার শান্তিবৈঠকে ইরান যোগ না-দিলে পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement