শিফন থেকে সিল্ক, পুজোর ৫ দিনে কী ভাবে শাড়ি পরবেন ভেবে ভেবে হয়রান? টিপ্স নিতে পারেন বিদ্যার থেকে
এই বছর পুজোর সাজের জন্য সব শাড়ি কিনেছেন? কোন দিন কী পরবেন এখনও সেটা ভেবে হয়রান? তা হলে বিদ্যা বালানের থেকেই টিপ্স নিন!
এই বছর পুজোর সাজের জন্য সব শাড়ি কিনেছেন? কিন্তু কী ভাবে সাজবেন, কোন দিন কী পরবেন এখনও সেটা ভেবে হয়রান? তা হলে বিদ্যা বালানের থেকেই টিপ্স নিন! তাঁর নবরাত্রির লুকেই সাজিয়ে তুলুন নিজেকে।
ষষ্ঠীর দিন এমন একটা হলুদ শিফন শাড়ি পরতে পারেন। আড্ডা হোক বা ঠাকুর দেখা সবেতেই মানানসই হবে এই হালকা সাজ।
সঙ্গে চুল খোলা রাখুন। কানে পরুন ছোট ঝুমকো দুল। হাতে থাকুক ঘড়ি বা হালকা কোনও চুড়ি। ব্যস! হালকা মেকআপের সঙ্গে এই সাজেই আপনি হয়ে উঠবেন অনন্যা।
সপ্তমীর সিন এমন নীল রঙের একটি শাড়ি পরতে পারেন। পাড়ের সঙ্গে মানানসই একটি ব্লাউজ় পরুন বা আজকালকার ট্রেন্ড মেনে কন্ট্রাস্ট কিছুও বেছে নিতে পারেন।
এই সাজের সঙ্গে, বিদ্যা বালানের মতো গলায় কিছু না পরে বরং কানে পরুন বড় ঝুমকো। হাতও খালি থাক। সাধারণ অথচ গর্জিয়াস এই লুকে পুজোয় আপনি নজর কাড়বেন।
আরও পড়ুন:
অষ্টমীর সন্ধ্যার জন্য এমন একটা লাল শাড়ি থাকলে তো কথাই নেই। ঠাকুর দেখার ভিড়ে সব চোখ আটকাবে আপনাতেই।
নায়িকার মতো স্লিভলেস ব্লাউজ় দিয়ে এই শাড়ি পরুন, কানে পরুন লম্বা দুল। হাতে থাকুক চুড়িও। উজ্জ্বল মেকআপ আর হাই-হিলে সাজ সম্পূর্ণ করুন।
নবমী নিশির জন্য এমন একটা সিল্ক শাড়ি বেছে নিতেই পারেন। স্নিগ্ধ অথচ উজ্জ্বল এই লুকে আপনাকে মানাবে সুন্দর।
নায়িকার মতো একটি খোঁপা বাঁধতে পারেন অথবা চুল খোলা রাখতে পারেন। কানে ‘স্টাড’ বা বসা কোনও দুল পরুন, হাতে থাকুক কঙ্কন। গলায় সরু কোনও হার পরতেই পারেন। মানানসই মেকআপেই পুরো প্রস্তুত হয়ে যাবেন আপনি নবমীর আড্ডার জন্য।
আরও পড়ুন:
দশমীর দিন এমন একটা সাউথ কটন পরতে পারেন। এই ধরনের শাড়ি বেশ জনপ্রিয়।
বিদ্যা বালানের মতো একই ধরনের ব্লাউজ় পরতে পারেন অথবা লাল বা অন্য রঙের ব্লাউজ়ও পরতে পারেন এই শাড়ির সঙ্গে। টেম্পল গয়নায় সেজে, খোঁপা করে তাতে ফুল লাগান। ভিড়ে নজর কাড়বেন আপনিই। তা হলে আর কী? এই পুজোয় বিদ্যা বালানের মতো আপনিও সেজে উঠুন অনন্য লুকে। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।