E-Paper

বিজেপির দফতরে কলাগাছ এনে প্রার্থী নিয়ে ক্ষোভ কর্মীদের

বেলেঘাটা, এন্টালির পরে এ দিন বজবজ ও চাঁপদানির প্রার্থী বদলের দাবিতে বিধাননগরে দলের দফতরে এসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। দলের বজবজের প্রার্থীকে ‘তৃণমূলের এজেন্ট’ আখ্যা দিয়ে একটি কলাগাছ এনে বিক্ষোভে শামিল হয়েছেন কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৭:৩৫

—প্রতীকী চিত্র।

দলের সিদ্ধান্ত চূড়ান্ত, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বার্তা দেওয়ার পরেও প্রার্থী নিয়ে কর্মীদের বিক্ষোভ অব্যাহত রইল শনিবারেও। এমনকি, বিজেপির বিধাননগরের দফতরে কলাগাছ এনে প্রয়োজনে সেটিকে প্রার্থী করার দাবি তুলেছেন বিক্ষোভকারী কর্মীদের একাংশ! সেই সঙ্গে রাজ্যের নানা প্রান্তেও চলছে প্রার্থী বিক্ষোভ।

বেলেঘাটা, এন্টালির পরে এ দিন বজবজ ও চাঁপদানির প্রার্থী বদলের দাবিতে বিধাননগরে দলের দফতরে এসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। দলের বজবজের প্রার্থীকে ‘তৃণমূলের এজেন্ট’ আখ্যা দিয়ে একটি কলাগাছ এনে বিক্ষোভে শামিল হয়েছেন কর্মীরা। তাঁদের দাবি, বর্তমান প্রার্থীর বদলে কলাগাছকে প্রার্থী করলেও অসুবিধা নেই! পাশাপাশি, দলীয় দফতরে বিক্ষোভ দেখিয়ে বিজেপির যুব মোর্চার চাঁপদানির হরি মিশ্র অভিযোগ তুলেছেন, অযোগ্যদের কাছে টাকার বিনিময়ে প্রার্থিপদ বিক্রি করা হয়েছে। তাঁর অভিযোগ, প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁকে এলাকাতে দেখাও যায় না। এরই মধ্যে শুক্রবার রাতে চাঁপদানির অন্তর্গত শেওড়াফুলি শহরে ‘বহিরাগত প্রার্থী মানছি না মানব না’ লেখা ফ্লেক্স টাঙানো নিয়ে দু’টি গোষ্ঠীর অশান্তি হয়েছে। যদিও এই সবকে গুরুত্ব না-দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক বলেছেন, “এই সব রাজনীতির অঙ্গ, হতেই পারে। সামগ্রিক ভাবে সবাই তৃণমূল কংগ্রেসকে হারাতে মরিয়া। তাই কারও কারও অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ ঘটছে।’’

প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও। পরিস্থিতি সামলাতে কর্মী বৈঠকও করছেন শুভেন্দু। মহিষাদলের কর্মী বৈঠকে এ দিন শুভেন্দুর বার্তা, “কে প্রার্থী, দেখার দরকার নেই। শুধু পদ্মফুল প্রতীক দেখে লড়াই করুন। আসল পরিবর্তন এ বার আনতেই হবে।” পরে হলদিয়াতেও কর্মী বৈঠক করেন শুভেন্দু। আবার, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুভেন্দু-ঘনিষ্ঠ রমাপ্রসাদ গিরিকে প্রার্থী করায় দুপুরে খড়্গপুরে জেলা কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে। প্রার্থী বদল না-হলে গণ-ইস্তফার হুঁশিয়ারিও দিয়েছেন ওই কর্মীরা।

নদিয়ার রানাঘাট উত্তর-পূর্বের প্রার্থী বদলের দাবিতে দলের জেলা কার্যালয়ে ভাঙচুর হয়েছে। মুর্শিদাবাদের নবগ্রামে প্রার্থী বদলের দাবিতে হয়েছে বিক্ষোভ-মিছিল। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিদায়ী বিধায়কের বদলে যুব মোর্চার সাংগঠনিক জেলা সভাপতিকে প্রার্থী করার প্রতিবাদে শোনঘাটায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন মতুয়াদের একাংশ। পাশাপাশি, উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীর সমর্থনে এখনও প্রচার শুরু করেননি জেলা নেতৃত্ব।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “বিক্ষোভ কোনও ভাল কাজ নয়। বিক্ষোভ দেখিয়ে লাভ নেই, নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন (বিক্ষোভকারীরা)। কিন্তু বিক্ষোভ এটাও প্রমাণ করে যে, বিজেপির টিকিট নিয়ে কাড়াকাড়ি আছে। সিপিএম, কংগ্রেস অফিসে এটা হবে না। কারণ, সেখানে চাহিদা নেই।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Bidhan Nagar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy