রবিবার পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। আর সে দিনই এ রাজ্যে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে অশান্তির সময় থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের তালিকা আবার চাইল নির্বাচন কমিশন। সোমবারের মধ্যে তালিকা জমা দেওয়ার কথা বলা হয়েছে।
২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটের সময় এবং ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটে। সেই সময় হিংসাকবলিত এলাকার থানাগুলিতে কারা ওসি ছিলেন, সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের কাছে আবার চেয়েছে কমিশন। সেই প্রসঙ্গে ফের একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৬ তারিখ, সোমবার সন্ধ্যা ৬টা মধ্যে তালিকাগুলি কমিশনের কাছে জমা করতে হবে। কমিশনের ফুল বেঞ্চের কলকাতা সফরের সময়েও এই প্রসঙ্গ উঠেছিল। গত মঙ্গলবার সফরের তৃতীয় দিনে রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করে তারা। সেই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারেরা। সেই বৈঠকেই গত বারের ভোটপরবর্তী হিংসার বিষয়টি ওঠে। সূত্রের খবর, রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে ভোটপরবর্তী হিংসার প্রসঙ্গ তোলেন জ্ঞানেশ। গত বার কী ঘটেছিল, তা স্মরণ করিয়ে দেওয়া হয়। পাশাপাশি, জানতে চাওয়া হয় ওই পুলিশ অফিসার এবং আধিকারিকদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত করা হয়েছে কি না।
আরও পড়ুন:
অন্য দিকে, রবিবার রাতেই রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। নন্দিনীর পরিবর্তে মুখ্যসচিব করা হচ্ছে দুষ্মন্ত নারিওয়ালাকে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও। তাঁর বদলে নতুন স্বরাষ্ট্রসচিব করা হচ্ছে সংঘমিত্রা ঘোষকে।