Advertisement

দ্বিতীয় পর্বে দক্ষিণ ২৪ পরগনার ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আর্জি কমিশনে! ৬৪টি-ই অভিষেকের ডায়মন্ড হারবারে

পুনর্নির্বাচনের দাবি ওঠা ৬৪টি বুথ ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ বিধানসভা অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। দক্ষিণ ২৪ পরগনারই জয়নগর লোকসভা অন্তর্গত মগরাহাট পূর্বের ১৩টি বুথ রয়েছে তালিকায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:৪২
রাজ্যে চলছে ভোটগ্রহণ।

রাজ্যে চলছে ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত।

প্রথম দফার ভোটের পরে দাবি ওঠেনি কোনও। কিন্তু বুধবার দ্বিতীয় পর্যায়ের চারটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটের পর ৭৭টি বুথে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফে আবেদন জানানো হয়েছে সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর তরফে। তাৎপর্যপূর্ণ ভাবে ওই চারটি বিধানসভা আসনই দক্ষিণ ২৪ পরগনা জেলার। এর মধ্যে তিনটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, যে ৭৭টি বুথে পুননির্বাচনের আবেদন জানানো হয়েছে তার মধ্যে রয়েছে, ফলতা বিধানসভার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, বজবজের ৩টি এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি। এর মধ্যে ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ বিধানসভা অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। দক্ষিণ ২৪ পরগনারই জয়নগর লোকসভা অন্তর্গত মগরাহাট পূর্ব।

সিইও-র দফতরের তরফে সরকারি ভাবে কিছূ জানানো না-হলেও সূত্রের খবর, পুনর্নির্বাচনের অধিকাংশ অনুরোধই এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে। প্রসঙ্গত, সোমবার থেকেই আলোচনায় ফলতা। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে অজয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়। ফলতাতেই বুধবার ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের ইভিএমে ‘টেপ’ লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দ্বিতীয় দফায় সাত জেলার মোট ১৪২টি বিধানসভা আসনের ৪১,০০১টি বুথে ভোটগ্রহণ হয়েছে। গত ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভার ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু একটিতেও পুনর্নির্বাচন হয়নি।

Diamond Harbour Falta Assembly Poll Polling ECI CEO Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy