Advertisement
E-Paper

শেষ মুহূর্তের গোলে সুইৎজ়ারল্যান্ডকে আটকে দিল কাতার, দাপটে খেলেও প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিল সুইসরা

এক দলের আক্রমণ। এক দলের রক্ষণ। শনিবার রাতে কাতার বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচে ৯০ মিনিট জুড়ে এই দৃশ্যই দেখা গেল। শেষ মুহূর্তে গোল হজম করে নিশ্চিত এক পয়েন্ট হাতছাড়া করল সুইৎজ়ারল্যান্ড। ১-১ ড্র হল কাতার-সুইৎজ়ারল্যান্ড ম্যাচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০২:৪০
football

কাতার-সুইৎজ়ারল্যান্ড ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

কাতার ১ (খুখি)
সুইৎজ়ারল্যান্ড ১ (এমবোলো)

এক দলের আক্রমণ। এক দলের রক্ষণ। শনিবার রাতে কাতার বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচে ৯০ মিনিট জুড়ে এই দৃশ্যই দেখা গেল। বল নিয়ন্ত্রণ থেকে শট, সবেতেই এগিয়ে থাকল সুইৎজ়ারল্যান্ড। কিন্তু গোল করল মাত্র একটি। শেষ মুহূর্তে গোল হজম করে নিশ্চিত এক পয়েন্টও হাতছাড়া করল তারা। ১-১ ড্র হল কাতার-সুইৎজ়ারল্যান্ড ম্যাচ।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ব্রিল এমবোলো। তবে যে হারে সুযোগ নষ্ট করেছে তারা তা চিন্তায় ফেলে দিল দলের কোচ মুরাত ইয়াকিনকে। প্রশংসা করতে হবে কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদার। তিনি প্রচুর শট বাঁচিয়েছেন। না হলে লজ্জাজনক ভাবে এই ম্যাচ হারতে হত কাতারকে। শেষ মুহূর্তে নাটকীয় ভাবে যে তারা গোল শোধ করে দেবে কেউই ভাবতে পারেননি। গোল করেন বৌয়ালেম খুখি। প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার খেসারত দিতে হল সুইৎজ়ারল্যান্ডকে।

ইউরো কাপ বা বিশ্বকাপ, আন্তর্জাতিক মঞ্চে আকর্ষণীয় ফুটবল খেলার ব্যাপারে সুনাম রয়েছে সুইৎজ়ারল্যান্ডের। এ দিন তারা খেলেছেও তেমনই। র‌্যাঙ্কিংয়ে অনেকটা নীচে থাকা কাতারকে তারা গোল করার সুযোগ সে ভাবে দেয়নি। কিন্তু নিজেরাও গোল করতে পারেনি একটির বেশি। প্রচুর সুযোগ নষ্ট করেছে।

ম্যাচের শুরু থেকেই সুইৎজ়ারল্যান্ডের আগ্রাসন ছিল। তার মাঝেই দুর্দান্ত একটি সুযোগ নষ্ট করেন এডমিলসন। ওই মিসের পর কার্যত হারিয়েই যায় কাতার। এক একসময় সে দলের ১০ জন মিলে রক্ষণ করছিলেন। সুইৎজ়ারল্যান্ডের মুহুর্মুহু আক্রমণ কোনও মতে রুখে দিচ্ছিল কাতার।

১৭ মিনিটে গোল করে সুইৎজ়ারল্যান্ড। রেমো ফ্রিউলারের ভাসানো বল পেয়ে এগিয়ে গিয়েছিলেন ব্রিল এমবোলো। তাঁকে অবৈধ ভাবে বাধা দেন কাতারের গোলকিপার আবুনাদা। এর পরেই আঘাত পেয়ে তিনি পড়ে যান। পেনাল্টির সিদ্ধান্ত অবশ্য খারিজ হয়নি। এমবোলোই গোল করে দলকে এগিয়ে দেন।

গোল হজম করে আরও রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে কাতার। অন্য দিকে, সুইৎজ়ারল্যান্ড একের পর এক আক্রমণ করতে থাকেন। কিন্তু গোলমুখ খুলতে পারছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশ কিছুটা সময় সুইৎজ়ারল্যান্ডের খেলায় কোনও ঝাঁজ ছিল না। ম্যাচটি দেখে মনেই হচ্ছিল বিশ্বকাপের কোনও খেলা হচ্ছে। কাতার বা সুইৎজ়ারল্যান্ড, কারওরই যেন গোল করার ইচ্ছা ছিল না। তবে শেষের দিকে দু’দলের আক্রমণ ম্যাচ কিছুটা উত্তেজক হয়ে ওঠে।

আচমকাই গোল করে দেয় কাতার। সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের ভাসানো বলে জোরালো হেডে বল জালে জড়িয়ে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন খুখি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১৩ ঘণ্টা আগে
Qatar Switzerland
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy