Advertisement
E-Paper

বিশ্বকাপে গ্যালারি ফাঁকা! অস্বস্তি ঢাকতে ব্যাখ্যা ফিফার, বাস্তব ছবির সঙ্গে কতটা মিলল কর্তাদের দাবি?

বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে প্রথম থেকেই সমালোচিত হয়েছে ফিফা। তার উপর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ফাঁকা গ্যালারি অস্বস্তি বাড়িয়েছে ফিফা কর্তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১১:৩৭
picture of football

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম দিন দক্ষিণ কোরিয়া-চেকিয়া ম্যাচে গ্যালারির প্রায় অর্ধেক ফাঁকা ছিল। যদিও ফিফার দাবি, এ বার টিকিটের রেকর্ড পরিমাণ চাহিদা রয়েছে। সেই দাবির সঙ্গে বাস্তবের ছবি কেন মিলল না, তার ব্যাখ্যা দিয়েছেন ফিফা কর্তৃপক্ষ।

বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে প্রথম থেকেই সমালোচিত হয়েছে ফিফা। অভিযোগ অধিকাংশ টিকিটের দাম সাধারণ ফুটবলপ্রেমীদের ধরাছোঁয়ার বাইরে। তার উপর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ফাঁকা গ্যালারি অস্বস্তি বাড়িয়েছে ফিফা কর্তাদের।

সাধারণত বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হলেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। বিশ্বের লাখ লাখ ফুটবলপ্রেমী টিকিটের প্রত্যাশায় থাকেন। অধিকাংশই টিকিট পান না। চার বছর অপেক্ষা করে থাকেন তাঁরা। ফুটবল বিশ্বকাপের টিকিটের চাহিদা কোনও দিনই কম নয়। তা-ও একটি ম্যাচে এত দর্শকাসন ফাঁকা! যদিও দর্শক কম হয়েছে বলে মানতে রাজি নয় ফিফা।

অস্বস্তি ঢাকতে ফিফা বিবৃতি দিয়ে বলেছে, ‘‘কত মানুষ এসেছেন, তা নির্দিষ্ট ভাবে বোঝা যায় টিকিট স্ক্যানের সংখ্যা থেকে। সেটাই উপস্থিতির সংখ্যা। গ্যালারিতে কত জন বসেছিলেন, তা দেখে বোঝা যায় না। স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে ফিফার প্রতিনিধিরা যোগাযোগ রেখে কাজ করছেন। কত টিকিট বিক্রি হয়েছিল এবং কত জন স্ক্যান করিয়েছেন তা দেখলেই বোঝা যাবে।’’ আরও বলা হয়েছে, ‘‘গুয়াদালজারায় ম্যাচ চলাকালীন বহু মানুষ নির্দিষ্ট আসনে না বসে, উত্তেজনায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন। তাঁরাও টিকিট কেটেই মাঠে এসেছিলেন।’’

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার দাবি, ৪৬ হাজার দর্শকাসনের স্টেডিয়ামে শুক্রবার খেলা দেখতে এসেছিলেন ৪৪ হাজার ৯৮৫ জন। যদিও বাস্তবে তেমন ছবি দেখা যায়নি। স্টেডিয়ামে ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকেরাও ফিফার দাবি শুনে ভ্রু কুঁচকেছেন।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
fifa gallary South Korea Ticket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy