Advertisement
E-Paper

অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এগিয়ে কারা, ইঙ্গিত মিলল বুথফেরত সমীক্ষায়

আগামী সোমবার পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটগণনা হবে। ওই বিধানসভাগুলিতে আগেই ভোট হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৩৪
Assembly Election Exit polls 2026 for Tamil Nadu, Assam, Kerala, Puducherry

(বাঁদিকের নীচ থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী) এমকে স্ট্যালিন, হিমন্ত বিশ্বশর্মা, এন রঙ্গস্বামী এবং পিনারাই বিজয়ন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা হয়েছিল এ বার। বুধবার সেগুলির বুথফেরত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই ভোটের প্রকৃত ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। তবে মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই কেরলে সরকার বদলের ইঙ্গিত দিয়েছে। অসম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ক্ষমতাসীন জোটের প্রত্যাবর্তনের বার্তা দেওয়া হয়েছে সমীক্ষায়।

অসম

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬। সরকার গড়তে চাই ৭৪টি আসন। ২০২১ সালে ৭৫টিতে জিতে সরকার গড়েছিল বিজেপি-এজিপি (অসম গণ পরিষদ) জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫০ এবং অন্যেরা ১টিতে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা।

এ বারের কয়েকটি বুথফেরত সমীক্ষা বলছে, অসমে ফের সরকার গড়তে চলেছে বিজেপি, একাধিক বুথফেরত সমীক্ষায় এগিয়ে আছে বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে বিজেপি জোট ৮৮-১০০ এবং কংগ্রেস জোট ২৪-৩৬টি পেতে পারে। ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, এনডিএ ৮৫-৯৫, ‘ইন্ডিয়া’ ২৫-৩২ এবং নির্দল ও অন্যেরা ৬-১২টিতে জিততে পারে।

জেভিসি-টাইমস নাউ বুথফেরত সমীক্ষা বলছে, এনডিএ ৮৮-১০১, ‘ইন্ডিয়া’ ২৩-৩৩ এবং অন্যদের ঝুলিতে ২-৫টি বিধানসভা আসন আসার সম্ভাবনা।

কেরল

দীর্ঘ দিনের ‘পরিবর্তনের প্রথা’ ভেঙে দাক্ষিণাত্যের এই রাজ্যে ২০২১ সালে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিল সিপিএমের নেতৃত্বাধীন জোট এলডিএফ। ১৪০ বিধানসভা আসনের কেরলে সরকার গড়ার জাদুসংখ্যা ৭১। বামজোট ৯৯ এবং কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪১টিতে জিতেছিল। টানা দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিপিএমের পিনারাই বিজয়ন।

এ বার কেরলে ক্ষমতার পালাবদল হতে পারে বলে কয়েকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত। ম্যাট্রিজ় এবং পিপল্‌স পাল্‌সের বুথফেরত সমীক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে। দু’টি সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, এলডিএফ ৬০-৬৫, ইউডিএফ ৭০-৭৫ এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩-৫টি আসনে জিততে পারে। অ্যক্সিস মাই ইন্ডিয়ার দাবি, এলডিএফ ৪৯-৬২, ইউডিএফ ৭৮-৯০ এবং এনডিএ ০-৩টিতে জিততে পারে।

তামিলনাড়ু

টানা এক দশকের খরা কাটিয়ে ২০২১ সালের বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। কংগ্রেস, বাম এবং কয়েকটি আঞ্চলিক দলকে নিয়ে গড়া ‘ইন্ডিয়া’র তামিল সংস্করণ ‘সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ (এসপিএ) জিতেছিল ১৫৯টিতে। এডিএমকে, বিজেপি, পিএমকের জোট এনডিএ পেয়েছিল ৭৫টি।

এ বার ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২২-১৩২, এনডিএ ৮৭-১১০, চিত্রতারকা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে) ১০-১২টি জিততে পারে। অন্যেরা পেতে পারে ০-৬টি। পিপল্‌স পাল্‌সের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২৫-১৪৫, এনডিএ ৬৫-৮০, টিভিকে ১৮-২৪ এবং অন্যেরা ২-৬টিতে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের দাবি, ডিএমকে জোট ১৪৫-১৬০, এডিএমকে জোট ৫০-৬৫ এবং ১৮-২৬টি পেতে পারে।

জেভিসি-র বুথফেরত সমীক্ষা অবশ্য এগিয়ে রেখেছে এডিএমকে-বিজেপি জোটকে। তাদের ইঙ্গিত, তারা ১২৮-১৪৭টিতে জিতবে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৫-৯৫ এবং টিভিকে ৮-১৫টিতে জিততে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় চাঞ্চল্যকর পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দ্রাবিড় রাজনীতির দীর্ঘ ছ’দশকের ডিএমকে-এডিএমকে সমীকণের পরম্পরা ভেঙে টিভিকে ৯৮-১২০টি আসনে জিততে পারে। ডিএমকে জোটের ঝুলিতে ৯২-১১০ এবং এডিএমকে জোটের ২২-৩২টি আসন যাওয়ার সম্ভাবনা।

পুদুচেরি

কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিধানসভা আসনের সংখ্যা ৩০। সরকার গড়তে ১৬টি আসনে জয় প্রয়োজন। ২০২১ সালের বিধানসভা ভোটে এনআর কংগ্রেস-বিজেপি জোট (এনডিএ) ১৬, ডিএমকে-কংগ্রেস জোট (‘ইন্ডিয়া’) ৮ এবং নির্দল ও অন্যেরা ৬টি আসনে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ইঙ্গিত, এনডিএ ১৬-২০, ‘ইন্ডিয়া’ ৬-৮, টিভিকে ২-৪ এবং নির্দল ও অন্যেরা ১-৩টি জিততে পারে। অন্য দিকে, পিপলস‌্‌ পাল্‌সের পূর্বাভাস, এনডিএ ১৬-১৯, ‘ইন্ডিয়া’ ১০-১২, এবং নির্দল ও অন্যদের ১-২টিতে জয়ের সম্ভাবনা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy