Advertisement
E-Paper

‘হরমুজ় প্রণালীতে মার্কিন অবরোধ লঙ্ঘন করলে বরদাস্ত নয়’, জয়শঙ্করকে হুঁশিয়ারি মার্কিন বিদেশসচিব রুবিয়োর

শনিবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো সরাসরি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়ে দিয়েছেন, ইরানি তেলের অবৈধ পরিবহণ এবং হরমুজ় প্রণালীতে মার্কিন অবরোধ লঙ্ঘনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২১:৫৪
Violations of US blockade in Hormuz will not be tolerated, US Secretary of State Marco Rubio told External Affairs Minister S Jaishankar

(বাঁ দিকে) এস জয়শঙ্কর, মার্কো রুবিয়ো (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হরমুজ় প্রণালীর কাছে ওমান উপসাগরে তিনটি জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রতিবাদ জানাতে শুক্রবার আমেরিকার কূটনীতিককে তলব করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। শনিবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো সরাসরি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়ে দিয়েছেন, ইরানি তেলের অবৈধ পরিবহণ এবং হরমুজ় প্রণালীকে মার্কিন অবরোধ লঙ্ঘনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রতিবাদ করে শুক্রবার রুবিয়োকে বার্তা পাঠিয়েছিলেন জয়শঙ্কর। তার ২৪ ঘণ্টার মধ্যেই ‘জবাব’ এল ওয়াশিংটন থেকে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট শনিবার বলেন, “আমাদের বিদেশসচিব জোর দিয়ে বলেছেন যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনী কাজ করছে। সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন বাহিনীর নির্দেশ মেনেই চলতে হবে।”

রুবিয়োর সঙ্গে কথা বলার পরে শুক্রবার জয়শঙ্কর সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, “বাণিজ্যিক জাহাজের উপর এমন প্রাণঘাতী হামলা মেনে নেওয়া যায় না।’’ কিন্তু রুবিয়োকে উদ্ধৃত করে পিগট শনিবার স্পষ্ট বলে দিয়েছেন, ‘‘মার্কিন অবরোধের লঙ্ঘন এবং ইরানি তেলের অবৈধ পরিবহণ বরদাস্ত করা হবে না।’’ প্রসঙ্গত, গত ৮ জুন থেকে ওমান উপসাগরে তিনটি ভারতীয় নাবিকবাহী জাহাজের উপরে হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে সেখানে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে। এর মধ্যে মাউন্ট সেটবেলো জাহাজে সওয়ার ছিলেন ২৮ জন নাবিক। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়, ২ জন পাকিস্তানি, ১ জন রুশ এবং ১ জন ইউক্রেনীয় নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছিল। মার্কিন বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় নাবিক। অন্য জাহাজ এমটি মারিভেক্সে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছিল।

এর পরেই অসন্তোষ দেখা দিয়েছিল ভারতে। সরব হয় বিরোধীরা। গত বুধবার মার্কিন কূটনীতিক জেসনকে ডেকে পাঠায় ভারত। বিদেশ মন্ত্রক বলে, ‘‘বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। আন্তর্জাতিক আইন অনুসারে আন্তর্জাতিক জলপথ দিয়ে স্বাধীন, বাধাহীন নৌচলাচল নিশ্চিত করতে হবে। যত দ্রুত সম্ভব তা করা দরকার।’’ তার পরেও হরমুজ়ের কাছে একটি ভারতীয় নাবিকচালিত জাহাজ লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার বাহিনী। মাউন্ট জলবীর নামে ওই পণ্যবাহী জাহাজ থেকে অন্তত ২০ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার আমেরিকা বিবৃতি দিয়ে দাবি করে, ওই জাহাজ বেআইনি ভাবে ইরান থেকে তেল পরিবহণ করছিল। নিষেধ গ্রাহ্য করেনি। তাই জাহাজের ইঞ্জিনরুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তার পরে শুক্রবার আবার মার্কিন কূটনীতিক জেসনকে ডেকে পাঠিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে রুবিয়োকে বার্তা পাঠিয়েছিলেন জয়শঙ্কর।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
S jaishankar Marco Rubio Strait of Hormuz Iran-Israel War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy