Cyber Crime

সাইবার হানা রুখতে তৎপর ব্যাঙ্ক

কৃত্রিম মেধার (এআই) হাত ধরে সাইবার হানার ঝুঁকি যে উদ্বেগজনক পর্যায় পৌঁছেছে, তা ফের স্পষ্ট হয়েছে বিশ্ব জোড়া কাঁপুনিতে। যার কেন্দ্রে আমেরিকার সংস্থা ‘অ্যানথ্রোপিক’-এর তৈরি এআই মডেল ‘ক্লড মিথোস’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৬:২৩
Share:

— প্রতীকী চিত্র।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি সতর্ক করেছিলেন। সেই মতো ‘অ্যানথ্রোপিক মিথোস’-এর সাইবার হানা থেকে বাঁচতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে খরচ বাড়ানোর পরিকল্পনা করছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। লক্ষ্য, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে আরও পোক্ত এবং সুরক্ষিত করে গ্রাহকদের রক্ষা করা। যাতে সাইবার হামলা করে কেউ তাঁদের তথ্য এবং আর্থিক সম্পদ হাতিয়ে নিতে না পারে।

কৃত্রিম মেধার (এআই) হাত ধরে সাইবার হানার ঝুঁকি যে উদ্বেগজনক পর্যায় পৌঁছেছে, তা ফের স্পষ্ট হয়েছে বিশ্ব জোড়া কাঁপুনিতে। যার কেন্দ্রে আমেরিকার সংস্থা ‘অ্যানথ্রোপিক’-এর তৈরি এআই মডেল ‘ক্লড মিথোস’। অ্যানথ্রোপিকের দাবি, এটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এ পর্যন্ত তৈরি হওয়া সব থেকে উন্নত এবং শক্তিশালী এআই মডেল। নিমেষে আর্থিক পরিষেবা ক্ষেত্রে হাজার-হাজার নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে বার করতে পারে, যা মানুষের নজর এড়িয়ে যায়। তবে এই প্রযুক্তি ভুল হাতে পড়লে যে হ্যাকারদের পোয়াবারো এবং নিরাপত্তার একটি ছোট ছিদ্র দিয়েও হামলা হয়ে যেতে পারে, সেই সাবধানবাণী শুনিয়েছে অ্যানথ্রোপিক নিজেই। মাত্র ৪০টি নামী সংস্থাকে সেটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু খবর মিলেছে, একদল অননুমোদিত ব্যবহারকারী মিথোসের নাগাল পেয়েছে। আর তাতেই আতঙ্কে সারা বিশ্বের ব্যাঙ্কগুলি। মিথোস-কে নিয়ে চিন্তিত আমেরিকার সরকারও। ওয়াল স্ট্রিটের ব্যাঙ্কগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে তারা।

গত ২৪ এপ্রিল দেশের বিভিন্ন ব্যাঙ্ক প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন নির্মলা। জানান, ‘ক্লড মিথোস’-এর মোকাবিলায় প্রতিটি ব্যাঙ্কে বিশেষ নজরদারি এবং পরস্পরের সমন্বয় প্রয়োজন। পোক্ত করতে হবে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকেও। তার পরেই দ্রুত খরচ বাড়ানোর পরিকল্পনা শুরু করে ব্যাঙ্কগুলি। সূত্রের খবর, এআই-জনিত সাইবার হামলা রুখতে এসবিআই-এর চেয়ারম্যান সিএস শেট্টির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়া হয়েছে। আরবিআই, বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে ‘ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম’ যৌথ ভাবে কাজ করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন