—প্রতীকী চিত্র।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে তুঙ্গে চাহিদা। হু-হু করে বিক্রি হচ্ছে ইন্ডাকশন অভেন। ফলে রাতারাতি টিটিকে প্রেস্টিজ লিমিটেডের আঙুল ফুলে কলাগাছ! চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বাম্পার মুনাফা করেছে রান্নার সরঞ্জাম নির্মাণকারী এই সংস্থা। বাজারে ঝড় তোলা তাদের এ-হেন পারফরম্যান্সের সুফল পাবেন লগ্নিকারীরাও। কী ভাবে? তার হদিস রইল আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে।
শুক্রবার, ২২ মে গত আর্থিক বছরের (২০২৫-’২৬) চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) ফলাফল ঘোষণা করে টিটিকে প্রেস্টিজ। ঠিক তার পরেও জানা যায়, লগ্নিকারীদের জন্য স্টকপ্রতি ৭.৫০ টাকা লভ্যাংশের সুপারিশ করেছে রান্নার সরঞ্জাম নির্মাণকারী সংস্থাটির পরিচালন বোর্ড। আগামী বার্ষিক সাধারণ সভায় তাতে সিলমোহর পড়বে বলেই মনে করা হচ্ছে।
আর্থিক বিশ্লেষকদের দাবি, সব কিছু ঠিক থাকলে প্রতি শেয়ারের ফেস ভ্যালুর উপর লগ্নিকারীদের প্রাপ্ত লভ্যাংশের অঙ্ক দাঁড়াবে ৭৫০ শতাংশ। ফি বছর অগস্টে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে থাকে টিটিকে প্রেস্টিজের পরিচালন বোর্ড। এ বারও সেই নিয়মের ব্যতিক্রম হওয়ার কথা নয়। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইস্যুতে আনুষ্ঠানিক ভাবে কোনও তারিখ ঘোষণা করেনি রান্নার সরঞ্জাম নির্মাণকারী এই সংস্থা।
এ বছরের মার্চ ত্রৈমাসিকে টিটিকে প্রেস্টিজের ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬.৮ কোটি টাকা। ২০২৫ সালের একই সময়ে তাদের নিট লোকসানের অঙ্ক ছিল ৪০.৬ কোটি। বিশ্লেষকদের দাবি, এই ক্ষতির মূল কারণ হল ৭১.৪ কোটি টাকার এককালীন লোকসান। সেটা ২০২৫ সালের যাবতীয় হিসাবকে উল্টে দিয়েছিল। সেই জায়গা থেকে রান্নার সরঞ্জাম নির্মাণকারী সংস্থাটি ঘুরে দাঁড়াতে পেরেছে বলেই মনে করা হচ্ছে।
মার্চ ত্রৈমাসিকের ফলাফল অনুযায়ী, পরিচালন কার্যক্রম থেকে টিটিকে প্রেস্টিজের আয় ১২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত বছরের (২০২৫ সাল) জানুয়ারি থেকে মার্চের মধ্যে যা ছিল ৬৫০ কোটি টাকা। এ ছাড়া তাদের সুদ, কর, অবচয় ও অবলোপনের পূর্ববর্তী আয় বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ। টাকার অঙ্কে সেটা ৬৭ কোটি। ২০২৫ সালের মার্চ ত্রৈমাসিকে এই খাতে ৫০.১ কোটি টাকা ঘরে আনতে সক্ষম হয় সংশ্লিষ্ট রান্নার সরঞ্জাম নির্মাণকারী সংস্থা।
শুক্রবার, ২২ মে বাজার বন্ধের সময় এনএসইতে (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) ৫৩৬ টাকায় পৌঁছোয় টিটিকে প্রেস্টিজের শেয়ার। গত পাঁচ দিনে এতে ৪.০৮ শতাংশের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। তা ছাড়া শেষ এক মাসে প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর সূচক। তবে ছ’মাসের হিসাবে প্রায় ১৯ শতাংশ লোকসান হয়েছে রান্নার সরঞ্জাম নির্মাণকারী সংস্থাটির লগ্নিকারীদের।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)