পুরনো আইনেই বোনাস দিতে বিজ্ঞপ্তি রাজ্যের

নতুন বোনাস আইন চালু হয়েছে গত বছরেই। কিন্তু রাজ্য সরকার সেই মান্ধাতার আমলের আইন মেনেই বেসরকারি ক্ষেত্রের কর্মীদের বোনাস দেওয়ার বিষয়টি ফয়সালা করতে বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মী ইউনিয়ন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাদের অভিযোগ, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে ১৯৬৫ সালের আইন অনুযায়ী বোনাস দিলে কর্মীরা তাঁদের প্রাপ্য বোনাসের অর্ধেক পাবেন। নতুন আইনের সুবিধা থেকেও বঞ্চিত হবেন।

Advertisement

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪১
Share:

নতুন বোনাস আইন চালু হয়েছে গত বছরেই। কিন্তু রাজ্য সরকার সেই মান্ধাতার আমলের আইন মেনেই বেসরকারি ক্ষেত্রের কর্মীদের বোনাস দেওয়ার বিষয়টি ফয়সালা করতে বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মী ইউনিয়ন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। তাদের অভিযোগ, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে ১৯৬৫ সালের আইন অনুযায়ী বোনাস দিলে কর্মীরা তাঁদের প্রাপ্য বোনাসের অর্ধেক পাবেন। নতুন আইনের সুবিধা থেকেও বঞ্চিত হবেন।

Advertisement

পুজোর বোনাসের বিষয়টি ‘শান্তিপূর্ণ ভাবে’ মিটিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তি কার্যত বেসরকারি ক্ষেত্রে মালিকদের নতুন আইন এড়িয়ে বোনাস দেওয়ার রাস্তা খুলে দিয়েছে বলে অভিযোগ ইউনিয়নগুলির। এ ব্যাপারে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে এমএমএস করা হলেও কোনও উত্তর মেলেনি।

কী ভাবে বঞ্চিত হবেন কর্মীরা?

Advertisement

পুরনো ১৯৬৫ সালের বোনাস আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার এনেছে নতুন পেমেন্ট অব বোনাস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১০১৫। পুরনো আইনে যে-সব কর্মীর মাসিক বেতন ১০ হাজার টাকা পর্যন্ত, শুধু তাঁরাই বোনাসের আওতায় আসতেন। আর বোনাস হিসেব করা জন্য সর্বোচ্চ বেতন ধরা হত ৩৫০০ টাকা। সংশোধিত নতুন আইনে দু’টি ক্ষেত্রেই ঊর্ধ্বসীমা প্রায় দ্বিগুণ করা হয়েছে। প্রথমত, নতুন ব্যবস্থায় বাড়ানো হয়েছে বোনাসের আওতা। যে-সব কর্মী মাসে ২১ হাজার টাকা পর্যন্ত বেতন পান, তাঁরা এ বার থেকে বোনাসের আওতায় আসবেন। আর বোনাস হিসেব করার ক্ষেত্রে বেতন ধরা হবে ৭ হাজার টাকা।

সংশোধিত বোনাস আইনটি ২০১৫ সালে পাশ হলেও বলা হয়েছে, এটি কার্যকর হবে ২০১৪-র ১ এপ্রিল থেকে। বেসরকারি ক্ষেত্রের মালিকরা নতুন আইনের বিরোধিতা না-করলেও ২০১৪ থেকে এটি কার্যকর করার বিরুদ্ধে আপত্তি জানিয়ে আদালতে গিয়েছেন।

এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তি জারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছে ট্রেড ইউনিয়নগুলি। ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, ‘‘নতুন হারে বোনাস না-দেওয়ার জন্য বেসরকারি সংস্থার মালিকদের হাতে রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তি একটি অস্ত্র তুলে দিয়েছে।’’ অশোকবাবু বলেন, ‘‘আমরা গত ২ সেপ্টেম্বর যে-সব দাবির ভিত্তিতে দেশ জুড়ে যে ধর্মঘট করেছিলাম, তার অন্যতম ছিল নতুন হারে বোনাস দেওয়া। কেন্দ্রীয় সরকার আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল, নতুন সংশোধিত বোনাস আইন অবশ্যই কার্যকর করা হবে। কিন্তু রাজ্য সরকার ওই বিজ্ঞপ্তি দেওয়ার ফলে এবার পুজোয় বেসরকারি ক্ষেত্রের কর্মীদের নতুন হারে বোনাস পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ল।’’

অভিযোগ যেখানে
•বেসরকারি কর্মীরা পাবেন প্রাপ্যের অর্ধেক
• বেতন ও বোনাসের নতুন ঊর্ধ্বসীমা খাটবে না পুরনো আইনে

আইন যা বলছে


•পুরনো আইনে বোনাস পেতে বেতনের ঊর্ধ্বসীমা মাসিক ১০ হাজার টাকা
•বোনাস হিসেবের জন্য বেতনের সর্বোচ্চ সীমা ধরা হত ৩৫০০ টাকা
•নতুন আইনে বেতনের সীমা বেড়ে ২১ হাজার টাকা
বোনাস হিসেবের জন্য বেতন ধরা হবে ৭ হাজার টাকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement