আমেরিকায় সুদ বাড়া নিয়ে শঙ্কার জের

টানা চার দিনে সেনসেক্স পড়ল ৫৪৯

জুনে আমেরিকায় সুদ বাড়তে পারে, এই আশঙ্কায় ভারতে টানা পড়তে শুরু করেছে শেয়ার বাজার ও টাকার দাম। সোমবারও সেনসেক্স পড়েছে ৭১.৫৪ পয়েন্ট। এ নিয়ে টানা চার দিন পড়ল শেয়ার বাজার। ওই চার দিনে সেনসেক্সের পতন ৫৪৯ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৫,২৩০.৩৬ অঙ্কে।

Advertisement
শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০২:৫৫
Share:

জুনে আমেরিকায় সুদ বাড়তে পারে, এই আশঙ্কায় ভারতে টানা পড়তে শুরু করেছে শেয়ার বাজার ও টাকার দাম। সোমবারও সেনসেক্স পড়েছে ৭১.৫৪ পয়েন্ট। এ নিয়ে টানা চার দিন পড়ল শেয়ার বাজার। ওই চার দিনে সেনসেক্সের পতন ৫৪৯ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৫,২৩০.৩৬ অঙ্কে।

Advertisement

তবে সাধারণ ভাবে বাজার পড়লেও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে আইটিসির শেয়ার দর। গত অর্থবর্ষে সংস্থার ভাল আর্থিক ফলাফল চাহিদা বাড়িয়ে দিয়েছে তার শেয়ারের। ফলে বাড়ছে তার দামও। সোমবার আইটিসির শেয়ার দর এক লাফে বেড়ে যায় ৫.২৯ শতাংশ।

এ দিন ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছে ৫ পয়সা। যার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৭.৪৯ টাকা। এ নিয়ে টানা ৮ দিন ধরে পড়ছে টাকার দাম।

Advertisement

আমেরিকায় সুদের হার বাড়ার আভাসে বিশেষ ভাবে আতঙ্কিত বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তারা টানা শেয়ার বিক্রি চলেছে। শেয়ার বিক্রির টাকা ডলারে পরিণত করে নিজেদের দেশে নিয়ে যাওয়ার হিড়কেই বেড়েছে তার চাহিদা। আর তার হাত ধরেই বাড়ছে ডলারের দাম, পড়ছে টাকা।

আমেরিকায় সুদ জুন মাসে বাড়তে পারে বলে আভাস দিয়েছে ওই দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। এর জেরে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি টানা শেয়ার বিক্রি করে চলেছে। গত শুক্রবারও তারা ভারতের বাজারে ৭৪৩.৮৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। সূচক পড়ার ক্ষেত্রে এটাই প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছে শেয়ার বাজার মহল।

Advertisement

ভারতে শেয়ার বাজার পড়ার পিছনে আরও যে-কারণটি কাজ করছে তা হল, চলতি সপ্তাহের বৃহস্পতিবার আগাম লেনদেনের সেট্‌লমেন্টের দিন। বাজারের হাল খারাপ দেখে লগ্নিকারীদের মধ্যে অনেকেই পরবর্তী সপ্তাহের জন্য শেয়ার ধরে রাখতে ভরসা পাচ্ছেন না। তাঁরা হাতের শেয়ার বিক্রি করে মুনাফার টাকা ঘরে তুলে নিচ্ছেন। যা সূচকের পারাকে টেনে নামাতে রসদ জোগাচ্ছে বলে শেয়ার বাজার মহলের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement