বিশ্ব বাজারে তেলের দর পড়েছে ৬৭%, ভারতে পেট্রোল মাত্র ১৬%

আন্তর্জাতিক দুনিয়ায় বছর দুয়েক ধরে অশোধিত তেলের দাম হু হু করে পড়লেও, ভারতবাসীর কপালে যে তার সুবিধা তেমন ভাবে জোটেনি, বুধবার তা ফের স্পষ্ট হল পরিসংখ্যানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৯
Share:

আন্তর্জাতিক দুনিয়ায় বছর দুয়েক ধরে অশোধিত তেলের দাম হু হু করে পড়লেও, ভারতবাসীর কপালে যে তার সুবিধা তেমন ভাবে জোটেনি, বুধবার তা ফের স্পষ্ট হল পরিসংখ্যানে।

Advertisement

এ দিন রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, গত ২০১৪ সালের মে মাসে যেখানে বিশ্ব বাজারে তেল বিকোচ্ছিল ব্যারেল প্রতি ১০৬.৮৫ ডলারে, সেখানে এ বছরের ফেব্রুয়ারিতে তা নেমে এসেছে মাত্র ২৯.৮০ ডলারে। এই হিসেব অনুযায়ী বিশ্ব বাজারে তেলের দাম পড়েছে প্রায় ৬৭%। অথচ এই সময়ে ভারতে লিটার পিছু পেট্রোলের দর ৭১.৪১ টাকা থেকে নেমেছে ৫৯.৯৫ টাকায়। অর্থাৎ দাম কমেছে মাত্র ১১.৪৬ টাকা (১৬%)।

ডিজেলের ক্ষেত্রেও ছবিটা প্রায় একই রকম। ২০১৪ সালের মে মাসে লিটার প্রতি ডিজেলের জন্য খরচ পড়ত ৫৫.৪৯ টাকা। চলতি মাসে তা পাওয়া যাচ্ছে ৪৪.৬৮ টাকায়। এখানেও দামের ফারাক নামমাত্র, ১০.৮১ টাকা।

Advertisement

অথচ ২০১৪-র মে থেকে এ যাবৎ কেন্দ্র পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক যথাক্রমে লিটার পিছু ১২ টাকা ও ১৩.৭৭ টাকা বেড়েছে বলে জানিয়েছেন প্রধান। যার মানে এটাই দাঁড়ায়— বিশ্ব বাজারে দাম কমার যুক্তিতে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ওই দুই জ্বালানির দাম কিছুটা কমিয়েছে ঠিকই। তবে আখেরে পেট্রোল, ডিজেলের পেছনে সাধারণ মানুষের খরচ যতটা না-কমেছে, সময়ে সময়ে উৎপাদন শুল্ক বাড়িয়ে তার থেকে বেশি ফায়দা কামিয়েছে কেন্দ্রীয় সরকার। সেগুলি থেকে রাজকোষে বেশি রাজস্ব তুলেছে তারা।

বস্তুত, উৎপাদন শুল্ক এতটা বাড়ানো হয়েছে বলেই আন্তর্জাতিক দুনিয়ায় অশোধিত তেল তলানি ছোঁয়া সত্ত্বেও ভারতবাসী তার সুবিধা নিতে পারেনি বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি-সহ বিভিন্ন পক্ষও। প্রধানের অবশ্য দাবি, শুধু উৎপাদন শুল্ক নয়, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যখন পেট্রোল, ডিজেলের দাম স্থির করে, তখন তার সঙ্গে যোগ হয় বিপণন ইত্যাদি বাবদ নির্দিষ্ট কিছু খরচ। তাঁর দাবি, দাম কমার সুযোগ নিয়ে সেগুলিতে ভ্যাট (যুক্তমূল্য কর) বাড়িয়েছে বেশির ভাগ রাজ্যও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement