গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সরকারি চাকরির প্রবেশিকার ফলাফল নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে জরিমানা করা হল দিল্লির এক বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে। ১৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (সেন্ট্রাল কমজ়িউমার প্রোটেকশন অথরিটি)।
অভিযোগ, দিল্লির ওই প্রশিক্ষণ কেন্দ্র একাধিক বিজ্ঞাপনে দাবি করেছিল, ইউপিএসসি সিভিল সার্ভিসেস-এর ২০২৩-এর পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬৪৫ জন ওই কেন্দ্র থেকে প্রস্তুতি নিয়েছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজনের নাম ও ছবি ওই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। জানতে পারে, ওই তথ্যে ত্রুটি রয়েছে।
উত্তীর্ণদের মধ্যে যাঁদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাঁরা প্রিলিমিনারি পরীক্ষা এবং মেনস পাশ করার পর ওই কেন্দ্রে ‘ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম’ কিংবা মক ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে যোগদান করেছিলেন। অথচ বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাঁরা পরীক্ষার প্রস্তুতিও ওই কেন্দ্র থেকে নিয়েছেন।
কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ-এর তরফে আরও জানানো হয়েছে, ওই কোচিং সেন্টারে সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য ৪৩১ জনের ভর্তি সংক্রান্ত কোনও তথ্য দিতে পারেনি। তাঁরা কোন কোর্সের জন্য ভর্তি হয়েছেন কিংবা কবে ভর্তি হয়েছেন— সেই সম্পর্কে উপযুক্ত নথি দেখাতে না পারায় ওই কোচিং সেন্টারকে আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়।
তবে, ওই প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে ২০২২-এর ফলাফল নিয়েও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তার জন্য সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছি। এরপর ২০২৩-এর ফলাফল নিয়েও একই ঘটনা ঘটায় ফের আর্থিক জরিমানা দিতে হয়েছে ওই কোচিং সেন্টারকে। এখনও পর্যন্ত সারাদেশে এমন ২৯টি সংস্থাকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ।