প্রতীকী চিত্র।
মেডিক্যালের সমস্ত আসনে পড়ুয়া ভর্তি না হওয়ায় সম্প্রতি কাট অফ নম্বর কমানোর কথা ঘোষণা করেছিল ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) এ বার স্নাতকোত্তর অর্থাৎ নিট পিজি-র কাউন্সেলিংয়ের তৃতীয় রাউন্ডের সূচি প্রকাশ করল।
নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন)-এর কাউন্সেলিং গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় রাউন্ডের শেষে এ বার শুরু হবে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং। শুধু মাত্র গত বছর নিট উত্তীর্ণেরাই কাউন্সেলিংয়ে যোগ দিতে পারবেন।
প্রকাশিত সূচি অনুযায়ী, তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন ১৬ থেকে ২৬ জানুয়ারির মধ্যেই। পড়ুয়াদের জন্য বরাদ্দ আসনে ফলাফল ঘোষণা করা হবে ২৯ জানুয়ারি। এর পর নির্ধারিত কলেজে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে।
রেজিস্ট্রেশন কী ভাবে?
১। পড়ুয়াদের এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in-এ যেতে হবে।
২। সেখানে নিট পিজি কাউন্সেলিং লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।
৩। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেছে নিতে হবে নিজেদের পছন্দের কলেজ এবং আসন।
৪। এর পর ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজ ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।
ইতিমধ্যেই, এনবিইএমএস-এর তরফে নিট পিজি-তে ভর্তির কাট অফ নম্বর সংশোধন করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে কাট অফ নম্বর ন্যূনতম -৪০ থাকলেও নাম নথিভুক্তকরণের সুযোগ মিলবে। এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।