গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক
নিট ইউজি-র বাতিল হওয়া পরীক্ষা ফের আয়োজিত হতে চলেছে আগামী ২১ জুন। ওই পরীক্ষার প্রশ্নপত্র যাঁরা তৈরি করেছেন, তাঁদের নজরবন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ-এর মতো বৈদ্যুতীন সামগ্রী ব্যবহার করা যাবে না পরবর্তী দু’সপ্তাহ কাটাতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা বাইরে বেরোতেও পারবেন না।
সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের তরফে দ্বিতীয় বার পরীক্ষার আয়োজনে যাতে কোনও খামতি না থাকে, তাই যাঁরা প্রশ্ন তৈরি করেছেন, কিংবা সংশোধন করেছেন— তাঁদের প্রত্যেককেই নজরবন্দি থাকতে হবে। বাদ পড়বেন না অনুবাদকেরাও, যাঁরা প্রশ্নপত্র অন্য ভাষায় অনুবাদ করেছেন। এমনকি তাঁরা নিরাপত্তার ঘেরাটোপে থেকে কেমন ব্যবহার করছেন, তা নথিবদ্ধ করা হবে।
প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে তা পরীক্ষাকেন্দ্র পৌঁছে দেওয়া পর্যন্ত সবটাই বিশেষ নজরদারির আওতায় থাকবে। জানা গিয়েছে, কেন্দ্রের তরফে বিশেষ দলকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কোনও আধিকারিক এই প্রক্রিয়ায় যোগদান করতে পারবেন না। প্রশ্নপত্র দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার বিমানও ব্যবহার করা হতে পারে।
৩ মে-এর পরীক্ষায় প্রশ্নফাঁসের পর ঘটে গিয়েছে একাধিক ঘটনা। নতুন করে পরীক্ষার আয়োজনের কথা ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এরপরই ফের পুনঃপরীক্ষার প্রশ্ন চড়া দামি বিক্রির অভিযোগ প্রকাশ্যে আসে। এনটিএ-রএর তরফে আশ্বাস দেওয়া হয়েছে, এমন কোনও ঘটনাই ঘটেনি। তবে, অভিযোগ যাচাই করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে সমাজমাধ্যমের সাহায্যে এমন কোনও চক্র সক্রিয় হতে না পারে।
পরীক্ষার্থী এবং অভিভাবকেরা যাতে এই ধরনের গুজব এড়িয়ে চলেন, তার পরামর্শ দিয়েছে আয়োজক সংস্থা। ইতিমধ্যেই ৩ মে-এর প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তদের। অন্য দিকে, নতুন করে পরীক্ষা দেওয়ার পরও অঘটন ঘটবে কি না, আদৌ আগের বারের মত সব ঠিক লিখে আসা যাবে কি না— তা নিয়ে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হয়েছেন চারজন পড়ুয়া। অনেকেই পরীক্ষা দেবেন কি না, তা নিয়েও দোলাচলে রয়েছেন। সমাজমাধ্যমে সেই কথা লিখে তাঁরা সকলের সঙ্গে ভাগও করে নিচ্ছেন। যদিও সেই পোস্টের সততা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।