ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জরুরি অবতরণ করতে গিয়ে ধ্বংস হয়ে গেল আস্ত বিমান। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন বিমানের চালক ও সহকারী চালক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে। লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই বিধ্বংসী বিমান দুর্ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট আকারের ব্যক্তিগত বিমানটি বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার চেষ্টা করছে। বিমানের চাকা রানওয়ে ছুঁতেই ঘটে যায় ভয়াবহ বিপর্যয়। বিমানটির পিছনের অংশটি রানওয়েতে ঘষতে ঘষতে এগোতেই দাউদাউ করে জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা বিমানে আগুন ধরে যায়। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা চালক ও সহ-চালক। বিমানে আর কোনও যাত্রী বা কর্মী ছিলেন না। মুহূর্তে বিমানটি সম্পূর্ণ জ্বলে যায়। গলগল করে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে পাক খেয়ে উঠতে থাকে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। জল দিয়ে আগুন আয়ত্তে এনে দু’জন চালককে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অন ডিজ়াস্টার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। কোন পরিস্থিতিতে চালক ও সহকারী চালককে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে কর্তৃপক্ষ বিমানটি পরীক্ষা করবেন এবং ফ্লাইট ডেটা পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।