IIT Madras Professor nominated by UN Chief

কৃত্রিম মেধার আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেলে থাকতে পারেন ভারতীয় বিজ্ঞানী! নাম সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের

বুধবার সাংবাদিক সম্মেলেনে গুতেরেস জানান, কৃত্রিম মেধা সংক্রান্ত একটি স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল গঠিত হবে। যা কোনও সরকার, সংস্থা বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২
Share:

প্রতীকী চিত্র।

মানবোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে এ বার গঠিত হবে একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল। সেই প্যানেলে থাকবেন একাধিক এআই বিশেষজ্ঞ। সেই প্যানেলের জন্য ভারতীয় বিজ্ঞানীর নাম সুপারিশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।

Advertisement

বুধবার সাংবাদিক সম্মেলেনে গুতেরেস জানান, কৃত্রিম মেধা সংক্রান্ত একটি স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেল গঠিত হবে। যা কোনও সরকার, সংস্থা বা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে না। মূলত জনস্বার্থে এআই-কে বিভিন্ন ক্ষেত্রে কী ভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এই কমিটি। যার সদস্য হবেন বিশ্বের ৪০ জন এআই বিশেষজ্ঞ।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গুতেরেসের জমা দেওয়া সুপারিশ তালিকাতেই নাম রয়েছে ভারতীয় বিজ্ঞানী বলরাম রবীন্দ্রনের। পড়াশোনার জন্য বেঙ্গালুরু আইআইএসসি থেকে স্নাতকোত্তরের পরে আমেরিকার ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন বলরাম। এর পর ফেলো ছিলেন অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ এআই এবং ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর। বর্তমানে আইআইটি মাদ্রাজের চারটি বিভাগ এবং সেন্টারের মুখ্য কর্তা তিনিই।

Advertisement

গুতেরেস জানিয়েছেন, মোট ২,৬০০টি আবেদনপত্র জমা পড়েছিল প্যানেলের সদস্যপদের জন্য। তার মধ্যে ৪০ জনের তালিকা সাধারণ সভার কাছে পাঠানো হয়েছে। নির্বাচিতদের মেশিন লার্নিং, ডেটা গভর্নেন্স, জনস্বাস্থ্য, সাইবার সুরক্ষা, শিশু উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে গভীর জ্ঞান রয়েছে।

গুতেরেসের বক্তব্য, বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং প্রযুক্তিগত বিবাদের জায়গাকে মাথায় রেখেই এই প্যানেল গঠনের ভাবনা। যাতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমস্ত দেশ মিলিত ভাবে কৃত্রিম মেধাকে মানবোন্নয়নের কাজে লাগাতে এগিয়ে আসে। একই সঙ্গে কৃত্রিম মেধা কী করে সমাজ এবং অর্থনীতির উপর প্রভাব ফেলছে, তা খতিয়ে দেখা হবে। আসল-নকলের ফারাক থেকে শুরু করে বিজ্ঞান এবং অপবিজ্ঞানের পার্থক্যও বুঝিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement