WB Assembly Elections 2026

রাজ্যে ভোটপ্রচারে চার মহারথী, বিভিন্ন জেলায় কর্মসূচি মোদী-মমতা-শাহ-অভিষেকের

বাঁকুড়া জেলায় নির্বাচন প্রথম দফাতেই, আগামী ২৩ এপ্রিল। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলগুলির হাতে প্রচারের জন্য সময় দেড় সপ্তাহ। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁজ বৃদ্ধি করছে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস-সহ ভোটের লড়াইয়ে নামা সমস্ত রাজনৈতিক দল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:৫৬
Share:

(বাঁ দিকে) অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

একই দিনে রাজ্যে ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্টো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে। সপ্তাহান্তে তৃণমূল বনাম বিজেপির প্রচার-যুদ্ধ তুঙ্গে উঠছে। কে কোন জেলায়?

Advertisement

নির্বাচনী প্রচারের জন্য সময় আর মাত্র দেড় সপ্তাহ। সে জন্য সপ্তাহান্তেই বাঁকুড়ায় জেলায় প্রচারের ঝড় তুলতে আগুয়ান শাসক থেকে বিরোধী। শনিবারই বাঁকুড়ায় জোড়া সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার শনি এবং রবিবার মিলিয়ে বাঁকুড়া জেলাতে মোট তিনটি সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, শনিবারই প্রধানমন্ত্রী মোদীর দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি এবং নদিয়ার কৃষ্ণনগরে সভা রয়েছে। অভিষেক থাকছেন বীরভূমের সাঁইথিয়ায়। তার পর পূর্ব বর্ধমানের মেমারিতে একটি পদযাত্রা করবেন তিনি। অর্থাৎ, রাজনীতির চার গুরুত্বপূর্ণ মুখ একই দিনে রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটপ্রচারে থাকবেন। বস্তুত, এই প্রথম বার একই দিনে রাজ্যে ভোটপ্রচারে থাকছেন মোদী এবং শাহ।

বাঁকুড়া জেলায় নির্বাচন প্রথম দফাতেই, আগামী ২৩ এপ্রিল। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলগুলির হাতে প্রচারের জন্য সময় দেড় সপ্তাহ। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁজ বৃদ্ধি করছে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস-সহ ভোটের লড়াইয়ে নামা সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যে নিজেদের প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়েছেন ওজনদার নেতারা। শনি এবং রবিবার তা আরও ঝাঁঝালো হবে।

Advertisement

বিজেপি সূত্রে খবর, শনিবার বাঁকুড়ায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে রামসাগর ফিশারি ময়দানে এবং তার পরে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে সভা করবেন শাহ। অন্য দিকে, শনিবারই বড়জোড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহের সমর্থনে গঙ্গাজলঘাটি স্কুল ফুটবল ময়দান থেকে অমরকানন পর্যন্ত পদযাত্রা করবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

প্রচারের দৌড়ে মোটেই পিছিয়ে থাকছে না তৃণমূল। শনি এবং রবিবার মিলিয়ে বাঁকুড়া জেলাতেই মোট তিনটি সভা করার কথা স্বয়ং তৃণমূলনেত্রী মমতার। শনিবার বড়জোড়ার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন তিনি। রবিবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে ওন্দার প্রার্থী সুব্রত দত্ত এবং তার পরে ছাতনার তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে কমলপুর শালচূড়া মাঠে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement