নদিয়ায় বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি দাবি করেছেন, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবেন তাঁরা। এখনও ভারত সরকারের তরফে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রবিবার নরেন্দ্র মোদী ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তিনিও কিছু বলেননি। মমতা এই নীরবতাকেই নিশানা করেছেন। বলেছেন, ‘‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে কিছু বললেন না? কেন বলতে পারলেন না যে কঠোর পদক্ষেপ করা হবে? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? ওদের মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? আমরা তদন্ত চাই। কলকাতাকে আক্রমণের কথা বললে আমরা তা মানব না।’’
নাকাশিপাড়ায় সভার শেষে নিজের লেখা ও সুর দেওয়া গানের সঙ্গে নাচের তালে পা মেলান মমতা। গানটি ইন্দ্রনীল সেন গেয়েছেন। জেলা সফরের প্রত্যেক জনসভাতেই এই গানে স্থানীয় মহিলাদের সঙ্গে মমতাকে নাচতে দেখা যাচ্ছে।
মমতা বলেন, ‘‘৪ মে গণনা হবে। সকাল থেকে ওরা দেখাবে, ওরাই জিতছে। ভয় পাবেন না। শেষপর্যন্ত দেখবেন, আমরাই জিতব। গণনা শেষ না-হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেন না।’’
তৃণমূলের ইস্তাহারের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘বাড়িতেই ডাক্তার আসবেন। এক্স রে, রক্ত পরীক্ষা সব করবেন। প্রয়োজনে হাসপাতালে পাঠানো হবে। আমাদের এমন অনেক পরিকল্পনা রয়েছে।’’
মহিলাদের উদ্দেশে মমতা বলেন, ‘‘যদি কেউ ভোট আটকায়, মেয়েরা হাতে ঝাড়ু রাখুন। রাস্তা ঝাঁট দিতে দিতে যাবেন। কিন্তু অধিকার ছাড়বেন না। নাম কেটে অধিকার ছেঁটে কিছু করতে পারবে না বিজেপি।’’ তিনি আরও বলেন, ‘‘বিএসএফ-এর ডিজি বলেছেন মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা? ভোট আগে দেবেন। তার পর যা করার করবেন।’’ ইভিএম খারাপ হয়ে গেলে নতুন ইভিএম এনে ভোট করানোর দাবি করেন মমতা। এ ছাড়া, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আশ্বাসও দিয়েছেন মমতা। জানিয়েছেন, তৃণমূল সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার-এর টাকা কোনও দিন বন্ধ হবে না।
বিজেপির সঙ্গে কমিশনের যোগের অভিযোগ তোলেন মমতা। নন্দীগ্রামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল গিয়েছিলেন রবিবার। নাম না করে তাঁর কথা উল্লেখ করেন মমতা। বলেন, ‘‘নন্দীগ্রামে কমিশনার গিয়েছিলেন দেখলাম। সঙ্গে বিজেপির লোকজন ছিল। তা হলে প্রমাণ হয়ে গেল বিজেপির সঙ্গে কমিশনের যোগ আছে।’’
মমতার অভিযোগ, বাইরের রাজ্য থেকে টাকার বান্ডিল ভোটের আগে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে। তাঁর কথায়, ‘‘বাইরে থেকে টাকা ঢুকছে। মাদক আর অস্ত্র ঢুকছে। আমরা প্রমাণ ছাড়া কোনও কথা বলি না। সময় মতো ঠিক ভিডিয়ো বার করব।’’
কলকাতার সদ্যপ্রাক্তন সিপি সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে বদলি প্রসঙ্গে তোপ দাগেন মমতা। তামিলনাড়ুর সরকারের সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘‘সুপ্রতিমকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন! লজ্জা করে না? সব অফিসারকে ওই রাজ্যে পাঠাচ্ছেন। এত ভাব কিসের? নিশ্চয়ই ভিতরে ভিতরে কংগ্রেস আর স্ট্যালিনের সঙ্গে কোনও বোঝাপড়া আছে।’’
মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘মোথাবাড়ির ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? কোনও হামলাকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনারা ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের করছেন।’’
মমতা বলেন, ‘‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে বললেন না যে পদক্ষেপ করব? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! আপনিও তো এঁদের ভোট পেয়েছেন। তা হলে আপনি আগে পদত্যাগ করুন।’’ তিনি আরও বলেন, ‘‘অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে বিজেপি। কিন্তু এটা ২৫ দিনের খেলা। তার পরেই ওরা বুঝবে ঠেলার নাম বাবাজি।’’
মমতা বলেন, ‘‘নদিয়ায় বিএলও-র কাজ করতে গিয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছেন রিঙ্কু তরফদার। সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে গিয়েছেন। সেই বিষয়টার কী হল?’’
মমতা জানান, নদিয়ায় তৈরি শাড়ি পরেই তিনি নাকাশিপাড়ার জনসভায় এসেছেন। নদিয়ার তাঁতির হাতে তৈরি তাঁর পরনের শাড়ি। তাঁর কথায়, ‘‘নদিয়ায় আমি অনেক বার এসেছি। অনেক কিছু করেছি এই জেলার জন্য। এখন বিজেপি তা নিয়ে দালালি করছে।’’
মমতা বলেন, ‘‘এই নদিয়ার নাকাশিপাড়ায় একবার এক পুলিশের হাত ভেঙেছিল। আমি গামছা দিয়ে বেঁধে দিয়েছিলাম। সব মনে আছে। বহু বার কৃষ্ণনগরে এসেছি।’’
২০২৫ সালের উপনির্বাচনে কালীগঞ্জ থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর বিজয়মিছিল থেকে এলাকার সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই বোমার আঘাতে প্রাণ যায় ৯ বছরের শিশু তমন্না খাতুনের। এ বার সেই তমন্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জে প্রার্থী করেছে সিপিএম। সেই কেন্দ্রের প্রচারে সোমবার মমতা জনসভা করছেন।
সোমবার নদিয়া এবং পূর্ব বর্ধমানে মমতার তিনটি জনসভা রয়েছে। আপাতত নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন তিনি। এই তিন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যথাক্রমে রুকবানুর রহমান, আলিফা আহমেদ এবং কল্লোল খাঁ। নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে জিএসএম উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।