West Bengal CEO Office

নির্বাচন কমিশনের দফতরের সামনে অশান্তির জেরে বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক এবং শিপিং জেটি

সিইও দফতরের ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি ছিল। তবে সম্প্রতি দফতরের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সেই সীমা বাড়ানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১২:২৬
Share:

শহরের কেন্দ্রে অবস্থিত সিইও দফতরের বাইরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা ফাইল চিত্র।

কলকাতায় নির্বাচনপর্বকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শহরের কেন্দ্রে অবস্থিত সিইও দফতরের বাইরে সব ধরনের জমায়েত আগেই নিষিদ্ধ করা হয়েছে। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা, যা আগে ১৪৪ ধারা নামে পরিচিত ছিল। এই নির্দেশের জেরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র মিলেনিয়াম পার্ক। পাশাপাশি পার্ক সংলগ্ন শিপিং জেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, আগে সিইও দফতরের ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি ছিল। তবে সম্প্রতি দফতরের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সেই সীমা বাড়ানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বর্তমানে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। এমনকি হাওড়া ব্রিজ সংলগ্ন রাস্তার একাংশও এই নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বড় যানবাহনের চলাচল। উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের সিইও দফতর ডালহৌসির পুরনো ভবন থেকে স্থানান্তরিত হয়ে ওয়েস্ট বেঙ্গল শপিং কর্পোরেশন বিল্ডিং-এর বহুতল ভবনে কাজ শুরু করেছে। নতুন দফতরের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ক্রমশ বাড়ছিল। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয় প্রশাসনের মধ্যে।

অন্য দিকে, মিলেনিয়াম পার্ক এলাকায় প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয়। সেই ভিড় সামাল দিতে গিয়ে পুলিশ-প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছিল। নির্বাচনী আবহে অতিরিক্ত ভিড় ও বিক্ষোভের আশঙ্কাজনিত ঝুঁকি এড়াতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পার্ক ও জেটি পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement