West Bengal Elections 2026

নির্দলের এজেন্টদের দলে টেনে গণনায় নজরের ছক

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এ বার ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনই নির্দল। ওই প্রার্থীদের অনেকেই মানছেন, গণনা কেন্দ্রে বেশি এজেন্ট রাখতে তাঁদের কাউকে বিজেপি, কাউকে তৃণমূল সমর্থন করেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৫:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গণনায় যত বেশি সম্ভব প্রতিনিধি চাই। সে জন্য তৃণমূল ও বিজেপি নানা জায়গায় নির্দল প্রার্থীর গণনার এজেন্টদের দলে টানার কৌশল নিয়েছে বলে দাবি। অনেক জায়গায় সে লক্ষ্যে মনোনয়ন-পর্বেই তারা ‘ডামি’ প্রার্থী দিয়ে রেখেছে বলেসূত্রের খবর। এরই মধ্যে, কয়েক জায়গায় হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীদের গণনার এজেন্টের নাম বিজেপি জমা দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তবে তা উড়িয়ে দিয়েছেন হুমায়ুন এবং বিজেপি, দু’পক্ষই।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এ বার ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনই নির্দল। ওই প্রার্থীদের অনেকেই মানছেন, গণনা কেন্দ্রে বেশি এজেন্ট রাখতে তাঁদের কাউকে বিজেপি, কাউকে তৃণমূল সমর্থন করেছে। তৃণমূল-বিরোধী বলে পরিচিত এক নির্দল প্রার্থীর কথায়, ‘‘যত বিরোধী এজেন্ট ভিতরে ঢুকতে পারবেন, ততই লাভ। তৃণমূলকে জায়গা ছাড়া যাবে না।’’ এর ঠিক উল্টো কথা শোনা গিয়েছে আর এক নির্দল প্রার্থীর গলায়। হুগলির নানা কেন্দ্রেও অনেকটা এক ছবি। জেলার এক তৃণমূল প্রার্থীর কথায়, ‘‘এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই। প্রতিটি দলই নির্দলকে সঙ্গে রাখে, যাতে প্রতি টেবিলে দু’-তিন জন এজেন্ট বেশি থাকে। বেশি চোখ মানেই বাড়তি সতর্কতা।’’ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার এক নেতাও বলেন, ‘‘নির্দল প্রার্থী মারফত আমাদেরও বাড়তি এজেন্ট থাকছে।’’

পূর্ব বর্ধমানের এক তৃণমূল নেতা হিসাব দেন, শুধু নিজেদের এজেন্ট থাকলে প্রতি বিধানসভা অনুযায়ী ২০-২২ জনের বেশি থাকত না। কিন্তু নির্দলের এজেন্টদের নিজেদের দিকে টানার সূত্রে সে সংখ্যা চল্লিশে পৌঁছে যাবে। পশ্চিম মেদিনীপুরে ১২২ জন প্রার্থীর মধ্যে ৩১ জন নির্দল।

তৃণমূল সূত্রের খবর, গড়বেতায় দলের নেতৃত্ব এক নির্দল প্রার্থী ও তাঁর গণনার এজেন্টদের নিয়ে রবিবারই মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন। আবার, শালবনিতে দলের ঘনিষ্ঠ এক নির্দলের এজেন্টদের নিয়ে গণনায় যাচ্ছে বিজেপি শিবিরও। নদিয়ায় শান্তিপুর, হরিণঘাটা, কালীগঞ্জের মতো কয়েকটি কেন্দ্রে তৃণমূল ‘ডামি’ প্রার্থী দিয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি। রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণনগর দক্ষিণের মতো কেন্দ্রে একই কাজ করেছে বিজেপিও। দুই দলের কর্মীরাই দাবি করেছেন,এর ফলে, গণনায় বাড়তি এজেন্টের সুবিধা মিলবে।

কোচবিহার উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় বলেন, ‘‘আমাদের কাছে দু’জন নির্দল প্রার্থী গণনার এজেন্টের বিষয়ে সাহায্য চেয়েছিলেন। কারা এজেন্ট হতে আগ্রহী, আমরা দেখিয়ে দিয়েছি।’’ শিলিগুড়ির এক নির্দল প্রার্থী বিজেপি-ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও, তৃণমূল তাঁকে এজেন্ট দিতে সাহায্য করছে বলে সূত্রের দাবি। তৃণমূল যদিও তা মানেনি। বিজেপি সূত্রের দাবি, জলপাইগুড়িতে সব কেন্দ্রেই তাদের এক জন করে ‘ডামি’ প্রার্থী রয়েছেন। সেই সঙ্গে, কেএসডিসি তথা কেপিপি প্রার্থীদের এজেন্টদের একাংশও তাদের হয়ে কাজ করবে বলে দলের একাংশের দাবি। রায়গঞ্জে এক নির্দল প্রার্থীর এজেন্টরা গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে কাজ করবেন বলে অভিযোগ উঠেছে। যদিও কৃষ্ণ তা অস্বীকার করেছেন।

তাঁর দলের গণনার এজেন্টের নাম বিজেপি জমা দিচ্ছে, এই অভিযোগ প্রসঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুনের প্রতিক্রিয়া, ‘‘ভিত্তিহীন অভিযোগ। আমাদের গণনা কেন্দ্রে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আছে।’’ বিজেপির বহরমপুর জেলা সভাপতি মলয় মহাজন এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আমাদের গণনার এজেন্ট যথেষ্ট। অন্য কারও এজেন্ট সেজে যাওয়ার প্রয়োজন নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন