আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
গণিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে গবেষণাধর্মী কাজের সুযোগ মিলবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। জানা গিয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে গবেষণার কাজ হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। বিষয়— ‘সাম প্রবলেমস ইন কমিউনিকেটিভ অ্যালজেব্রা অ্যান্ড অ্যাফাইন অ্যালজেব্রিক জিওমেট্রি’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
প্রকল্পের জন্য দু’জন প্রজেক্ট লিঙ্কড রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫৮,০০০ থেকে সর্বাধিক ৬৭,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি গণিতে পিএইচডি থাকতে হবে। প্রয়োজন সংশ্লিষ্ট গবেষণার বিষয়ে প্রকাশিত গবেষণাপ্রবন্ধও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।