কেন্দ্রীয় বিদ্যালয়, জোকা। ছবি: সংগৃহীত।
চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে আইআইএমসি জোকা শাখার পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে। সম্প্রতি বিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই নিয়োগ। বিদ্যালয়ে আংশিক সময়ের জন্য কাজের সুযোগ পাবেন শিক্ষকেরা। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রাইমারি শিক্ষক (পিআরটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), কম্পিউটার প্রশিক্ষক, চিকিৎসক, নার্স, কাউন্সেলর, যোগ শিক্ষক, স্পেশ্যাল এডুকেটর, বৃত্তিমূলক বিষয়ের কোচ, প্রশিক্ষক এবং শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের চাকরির মেয়াদ থাকবে এক বছর।
পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বিএড ডিগ্রি থাকা এবং হিন্দি ও ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। ১০ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে।