এনআইএফটি। ছবি: সংগৃহীত।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কাজের সুযোগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। অভিজ্ঞ পেশাদার নিয়োগ করবে কেন্দ্রীয় বস্ত্রবয়ন মন্ত্রক। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কাজ করতে পারবেন নিযুক্তেরা। প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনে।
প্রতিষ্ঠানে পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, চেন্নাই, ভুবনেশ্বর, শিলং, ভোপাল, বেঙ্গালুরু বা দেশের অন্য কোনও শহরে। অবসরপ্রাপ্তেরা এর আগে কোন বেতনক্রমে নিযুক্ত ছিলেন, তার ভিত্তিতে নিযুক্তদের বেতন হবে ৮০,০০০ থেকে ১, ৫০,০০০ টাকা।
আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও সরকারি বা স্বশাসিত সংস্থার উচ্চপদ থেকে অবসর গ্রহণ করতে হবে। নিয়োগের পর কর্মীদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। পরবর্তীকালে সেই মেয়াদ বাড়িয়ে দু’বছর করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় চাকরিপ্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১১ মার্চের মধ্যে পাঠাতে হবে নথি। এর পর ইন্টারভিউয়ের যাচাই করা হবে প্রার্থীদের যোগ্যতা। বাকি তথ্য জানতে দেখে নিতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট।