জর্জিয়া আন্দ্রিয়ানি। ছবি: সংগৃহীত।
মলাইকা অরোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যে ইতি টানার পরে বিদেশিনী মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েছিলেন আরবাজ় খান। ২২ বছরের ছোট নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি তখন। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পরে ভাঙে প্রেম। পরে আরবাজ় বিয়ে করেন সুরা খানকে। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় নজর কাড়লেন জর্জিয়া। তা-ও নিজের জন্মদিনের রাতে।
এক সময়ে আরবাজ়ের সঙ্গে সর্ব ক্ষণ দেখা যেত জর্জিয়াকে। খান পরিবারের ইদ থেকে সলমন খানের জন্মদিন— সর্বত্র উপস্থিত থাকতেন তিনি। তবে আচমকাই ভেঙে যায় সেই সম্পর্ক। বহু দিন পরে সেই জর্জিয়া আবার আলোচনায়। গত ৫ জুন ছিল জর্জিয়ার জন্মদিন। তাঁর জীবনে আরবাজ় এখন অতীত। প্রেম ভাঙার কারণ হিসাবে জর্জিয়া জানিয়েছিলেন, কারও প্রেমিকার পরিচয়ে বাঁচতে পারবেন না তিনি।
নিজের জন্মদিনের রাতে মুম্বইয়ের এক রেস্তরাঁয় ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ ও আলোকচিত্রীদের জন্য একটি পার্টি দেন জর্জিয়া। পরনে ছিল নামমাত্র পোশাক। তা নিয়েও তৈরি হয় বিতর্ক। শরীরের নীচের অংশের পোশাক একাধিক বার সরে যাওয়ায় তা বার বার ঠিক করতে থাকেন তিনি। তা ছাড়াও রেস্তরাঁ কর্তৃপক্ষের সঙ্গেও নাকি বচসায় জড়ান তিনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হুল্লোড় বাড়তে থাকে। চলতে থাকে অতিথিদের সঙ্গে নাচ। এমন সময়ে নাকি পার্টি বন্ধ করার নির্দেশ দেন রেস্তরাঁ কর্তৃপক্ষ। কারণ, রেস্তরাঁ বন্ধ করার সময় হয়ে গিয়েছিল। তাতেই বেজায় চটে যান জর্জিয়া। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে রেস্তরাঁর ম্যানেজারের সঙ্গে রীতিমতো ঝগড়া করতে দেখা যায় তাঁকে। অভিযোগ, তিনি নাকি গালিগালাজও করতে শুরু করেছিলেন।