Is Mega Concept Returning?

দু’-এক মাসে নয়, ৬০০ পর্ব পেরিয়ে থামছে ‘তুই আমার হিরো’, ‘শুভ বিবাহ’! মেগার ট্রেন্ড ফিরছে?

দুই ধারাবাহিকই শেষ হয়ে যাবে আগামী মাসে। তার পর? কী করবেন ধারাবাহিক দু’টির অভিনেতারা? মুখ খুললেন আনন্দবাজার ডট কম-এর কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪
Share:

‘মেগা’র ধারণা ফিরিয়ে শেষ হচ্ছে ধারাবাহিক ‘তুই আমার হিরো’, ‘শুভ বিবাহ’। ছবি: ফেসবুক।

নব্বইয়ের দশক। তখন বাংলা ধারাবাহিক মানেই বছর দুয়েকের গপ্পো। তার থেকেই ‘মেগা’ শব্দের জন্ম। সময় এগিয়েছে। মেগার স্থায়িত্ব তিন থেকে চার বছর পর্যন্ত গড়িয়েছে। যেমন, ‘বোঝে না সে বোঝে না’, ‘এখানে আকাশ নীল’ বা ‘এক আকাশের নীচে’। ছোটপর্দার সেই রমরমায় আচমকা থাবা বসিয়েছে করোনাকাল।

Advertisement

ওটিটির দাপটে গত কয়েক বছরে মাত্র দুই-তিন মাসে বন্ধ হয়ে গিয়েছে অজস্র ধারাবাহিক। মাথায় হাত পড়েছে ছোটপর্দার সঙ্গে জড়িত সকলের। কারণ, এখনও ছোটপর্দায় কাজ মানে স্থায়ী উপার্জনের উপায়। ধারাবাহিকের বিকল্প কী? আর কি ‘মেগা’য় রুচি ফিরবে না দর্শকদের? এমন প্রশ্ন যখন টেলিপাড়ার অন্দরে ঘুরছে তখনই ইতিবাচক আশ্বাস দিল দুটো ধারাবাহিক। জি বাংলার ‘তুই আমার হিরো’, স্টার জলসার ‘শুভ বিবাহ’। টেলিপাড়ার হিসাব অনুযায়ী, দুটো ধারাবাহিকই সাড়ে ৬০০ পর্ব পেরিয়ে আগামী মার্চে শেষ হচ্ছে।

তা হলে কি ‘মেগা’ শব্দের অস্তিত্ব টিকে গেল? প্রশ্ন ছিল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের কাছে। সদ্য শুটিং শেষ হয়েছে। তাঁর কণ্ঠে এখনও স্মৃতির আবেশ। পিছন ফিরে দেখতে দেখতে অনুরাধা বললেন, “কাঁটায় কাঁটায় এক বছরের মাথায় শেষ আমাদের ধারাবাহিক। গত মার্চে শুরু হয়েছিল। এ বছরের মার্চে শেষ হচ্ছে। ইদানীং যেখানে মাস দুয়েক ধারাবাহিকের আয়ু, সেখানে এক বছর সসম্মানে কোনও ধারাবাহিক চলা অবশ্যই আশাব্যঞ্জক।”

Advertisement

শেষ শুটিংয়ের পর টিম ‘তুই আমার হিরো’। ছবি: ফেসবুক।

একই কথা শোনালেন ধারাবাহিকের নায়ক রুবেল দাস। “এই ধারাবাহিকের আগে আমার আগের ধারাবাহিক ‘নিমফুলের মধু’ শেষ হয়েছে। নায়ক সৃজনকে দর্শক ভালবেসে ফেলেছেন। তার পরেই ‘তুই আমার হিরো’। শাক্যকে কি দর্শক একই রকম ভালবাসবেন? মনে দ্বিধা ছিল।” রুবেল ভাগ্যবান, দর্শক তাঁকে ফেরাননি। কেন একই নায়ককে পরপর দেখতে দর্শকের আপত্তি ছিল না? রুবেল তার জন্য ধারাবাহিকের গল্প এবং চিত্রনাট্যের কাছে ঋণী। নায়ক বললেন, “দুটো দু’ধারার গল্প। ফলে, অভিনয়ে একঘেয়েমি নেই। ভাল গল্প আর অভিনয় এখনও ছোটপর্দার সামনে দর্শককে বসিয়ে রাখে। এই ধারাবাহিক তার প্রমাণ।”

রুবেল আরও জানিয়েছেন, টানা আট মাস তাঁরা রেটিং চার্টে ‘বেঙ্গল টপার’ ছিলেন। তার পর দীর্ঘ সময় ‘স্লট লিডার’। মাঝে তাতে সাময়িক বিরতি। শেষ হওয়ার আগে ফের হারানো সম্মান ফিরে পেয়েছেন রুবেলরা। তাঁর কথায়, “একটি ধারাবাহিকের কাছে এর থেকে বেশি কী চাইব?” শুটিংশেষের দিনে সকলের চোখে জল, মুখে হাসি। পুরনো স্মৃতি ফিরে দেখেছেন সবাই মিলে। এ দিনের দুপুরের খাওয়াদাওয়া ছিল এলাহি। মাছ-মাংস-মিষ্টির আয়োজনে, হাসিঠাট্টায় শেষ হয়েছে সকলের একসঙ্গে পথচলা।

‘তুই আমার হিরো’তে বাংলা বিনোদনদুনিয়ার এক খ্যাতনামী নায়কের জীবন, ওঠাপড়া জায়গা করে নিয়েছিল। ‘শুভ বিবাহ’তে ‘ওয়েডিং প্ল্যানার’ এবং বিবাহবিচ্ছিন্ন নারীর জীবনে নতুন করে ভালবাসার জোয়ারের গল্প। নায়ক-নায়িকা যথাক্রমে হনি বাফনা, সোনামণি সাহা। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২৪-এর জুন। অর্থাৎ, প্রায় দু’বছর ছোটপর্দায় রাজপাট চালাল ‘শুভ বিবাহ’।

আগের ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের অভিনেতারাও কি ‘মেগা’র প্রত্যাবর্তনে আশাবাদী? জানা যায়নি। সোনামণি বা হনি বাফনা— কাউকেই ফোনে পাওয়া যায়নি। জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি, গত বুধবার ধারাবাহিকের শেষ শুটিং ছিল। সম্ভবত শেষ সম্প্রচার মার্চ মাসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement