রণবীরের সাফল্যে কী কারণে চুপ ছিলেন দীপিকা? ছবি: সংগৃহীত।
বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি— সকলেই রণবীর সিংহের প্রশংসায় পঞ্চমুখ। কারণ, ‘ধুরন্ধর’-এ তাঁর অভিনয়। অথচ এখনও নীরব রণবীরের মনের মানুষ। এমনিতে একে অপরের প্রশংসায় সারাক্ষণ বুঁদ থাকেন দীপিকা পাড়ুকোন ও রণবীর। কিন্তু, এ বার ছবির বিশেষ প্রদর্শনীতেও স্বামীর পাশে ছিলেন না দীপিকা। শুরু কটাক্ষ। গত কয়েক মাস ধরে লাগাতার সমালোচনায় অবশেষে মুখ খুললেন দীপিকা।
সম্প্রতি দীপিকার উপরে ক্ষোভ উগরে দেন রণবীরের এক অনুরাগী। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ছবি ৫০০ কোটির ব্যবসা করে ফেলল। অথচ, আপনার কোনও হেলদোলই নেই। ছবির প্রদর্শনীতে পর্যন্ত এলেন না আপনি!’’ শুধু এক জনের নয়, একাধিক কটাক্ষের মুখে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। দীপিকা বলেন, ‘‘আমি আপনাদের সকলের আগে ছবিটা দেখে ফেলেছি। এ বার বরং আপনারা হাসাহাসি করুন। কেমন?’’
আসলে দীপিকা যে তাঁর ও রণবীরের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে চাইছেন, সেটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন। যদিও এর মাঝে অনেকেই জল্পনা উস্কে মন্তব্য করেছিলেন যে, তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। যদিও সত্যিটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। উল্লেখ্য, বরের ছবির প্রদর্শনীর দিনেও শাশুড়ির সঙ্গেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। ফলে সম্পর্ক যে তাঁদের অটুট আছে, তা স্পষ্ট।