বিপাকে দীপিকার ননদ সাবা ইব্রাহিম। ছবি: সংগৃহীত।
বিপাকে পড়লেন ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কড়ের ননদ সাবা ইব্রাহিম। রান্নার গ্যাসের আকালের জন্য সমস্যায় পড়েছেন তিনি। দীপিকার ননদ অর্থাৎ শোয়েব ইব্রাহিমের বোন সাবা পেশায় নেটপ্রভাবী। তাঁর একটি রেস্তরাঁও রয়েছে মুম্বইয়ের মীরা রোডে। গ্যাসের আকালের জন্য বন্ধ হচ্ছে খুশআমদীদ নামে সেই রেস্তরাঁ। তবে গ্যাসের আকালের পাশাপাশি আরও একটি কারণ রয়েছে বলেও জানা যাচ্ছে।
সাবার স্বামী খালিদ তাঁর ভ্লগে জানান, এই কঠিন সিদ্ধান্ত নিতে তাঁর খুবই কষ্ট হয়েছে। তাঁর কথায়, “খুবই দুঃখের খবর। কিন্তু আমাদের রেস্তরাঁ বন্ধ করতে হচ্ছে। আমরা সিলিন্ডার পাচ্ছি না। খুব অল্প সংখ্যক সিলিন্ডার আমাদের কাছে পৌঁছোচ্ছে। আর একটি সমস্যা হল, যখন আমরা এই জায়গাটা বানিয়েছিলাম, তখন দেওয়াল আর কাঠের অংশের মধ্যে একটু ফাঁকা জায়গা রেখে দিয়েছিলাম।” এই ফাঁকা জায়গায় নাকি ইঁদুর বাসা বেঁধেছে।
সাবা বলেন, “নতুন কিছু শুরু করলে ভুল হতেই পারে। আমাদের তেমন অভিজ্ঞতা ছিল না। আমাদের অন্দরসজ্জাশিল্পীও নতুন ছিল। সৌন্দর্যের কথা মাথায় রেখে তিনি কাঠ ও দেওয়ালের মধ্যে সামান্য ফাঁকা জায়গা রেখেছিলেন। এখন সেই ফাঁকা জায়গা দিয়ে ইঁদুর ঢুকছে।” এর ফলে সাময়িক ভাবে রেস্তরাঁটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাবা ও খালিদ।
গ্যাস সঙ্কট নিয়ে সাবা আরও বলেন, “আমরা সিলিন্ডার পাচ্ছি না। সকলেই এই সমস্যার মধ্যে রয়েছে। আমাদের আশপাশের রেস্তরাঁগুলোও দু’তিন দিন ধরে বন্ধ। আমরা দ্রুত সমাধান খুঁজব, কিন্তু আপাতত বন্ধ রাখতে হচ্ছে।” নতুন রূপে খুশআমদীদ রেস্তরাঁ ফিরবে বলেও জানান সাবা ও খালিদ।
সাবা এবং তাঁর স্বামী জানান, সাময়িক ভাবে রেস্তরাঁ বন্ধ থাকায় তাঁদের আর্থিক ক্ষতি হবে। তাঁরা বলেন, “আমরা আবার নতুন করে সাজানোর চেষ্টা করব। জায়গাটা সাজাতে আমরা অনেক টাকা খরচ করেছি, কিন্তু কিছু ভুল হয়ে গিয়েছে। আমরা জানি, আপনাদের ভালবাসা কমবে না।” রেস্তরাঁ বন্ধ থাকলেও, খাবারের ডেলিভারি চলতে থাকবে বলেও তিনি জানান।