হিরণের কোন অনুপ্রেরণার কথা বললেন অনিন্দিতা? ছবি: সংগৃহীত।
আইনি জট এখনও কাটেনি। বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক গড়িয়েছে বহু দূর। তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ও। এত কিছুর মাঝে হঠাৎ অনিন্দিতা জানালেন, স্বামী হিরণই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কী ভাবে?
সম্প্রতি, অনিন্দিতার একটি গানের ভিডিয়ো নিয়ে আলোচনা চলছে। আগে কি কখনও সঙ্গীত নিয়ে এগোনোর কথা ভাবেননি? তিনি বললেন, “আগেও গান করেছি। সে সময় হিরণ আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। নিজে প্রযোজনাও করেছিল মিউজ়িক ভিডিয়ো। প্রথমে সাহায্য করেছে অনেক। কিন্তু বর্তমানে স্বামীরা, স্ত্রীদের এগিয়ে দেওয়ার জন্য বা সাহায্যের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে বা সুযোগের ব্যবস্থা করে দেয়, সেটা কখনও করেনি হিরণ। আমিও ২০২১-এ ওর নির্বাচনের সময়ে অনেক কিছু সামলেছি।”
এক দিকে অনিন্দিতা যেমন গান গেয়েছেন, তেমনই সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে তাঁর মেয়েকেও। আগামী দিনে কি তবে বাবা হিরণের মতো পর্দায় দেখা যাবে নিয়াসা চট্টোপাধ্যায়কে? অনিন্দিতার স্পষ্ট উত্তর, “অভিনয়ের প্রতিভা থাকলেও মেয়েকে ওই অনিশ্চয়তা, অন্ধকারে ঠেলে দিতে চাই না। খুব কাছ থেকে তো দেখছি ইন্ডাস্ট্রিটাকে।” এই মুহূর্তে হিরণ এবং অনিন্দিতার কন্যা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। আগামী দিনে এই বিষয় নিয়েই এগিয়ে যেতে চান।