Nondinii And Santoshi

‘একটা কি দুটো দৃশ্যের পরেই মৃত্যু!’ ঠাট্টা রাজকুমার সন্তোষীর, ছোট চরিত্র কেন করছেন নন্দিনী?

সানি দেওলের আগামী ছবিতে দেখা যাবে নন্দিনীকে। সেই ছবির সেটে এসেছিলেন রাজকুমার সন্তোষী। তিনি নাকি ঠাট্টা করে নিদারুণ সত্যি দেখিয়েছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:১৯
Share:

নন্দিনী চট্টোপাধ্যায়কে নিয়ে কী মত রাজকুমার সন্তোষীর? ছবি: ফেসবুক।

ঘুরেফিরে সেই একঘেয়ে খলনায়িকার চরিত্র! একই ধারার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন নন্দিনী চট্টোপাধ্যায়। এখন তিনি মুম্বই এবং বাংলা মিশিয়ে কাজ করছেন। বেশ কয়েকটি দিন কাটিয়ে গেলেন কলকাতায়। সদ্য শেষ করলেন বর্ষীয়ান পরিচালক মিলন ভৌমিকের নতুন ওয়েব প্ল্যাটফর্মের একটি সিরিজ়ের শুটিং।

Advertisement

কাজ হয়তো করছেন একাধিক। মনের মতো চরিত্র পাচ্ছেন কি? নন্দিনীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। কথাপ্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কলকাতায় আসার আগে একটি হিন্দি ছবির শুটিং করলাম। তাতে সানি দেওল অভিনয় করছেন। আমার স্বামী আমাকে মেরে ফেলবেন। সেই খুনের কিনারা করার জন্য ডাক পড়বে সানির।” এখানেই নন্দিনী মুখোমুখি হিন্দি ছবির পরিচালক রাজকুমার সন্তোষীর। তিনি সানির শুটিং দেখতে সেটে এসেছিলেন। সন্তোষী নন্দিনীরও পূর্বপরিচিত। নন্দিনী পরিচালকের আপাতত শেষ ছবি ‘ব্যাড বয়’-তে অভিনয় করেছিলেন।

সেই সূত্রেই পরিচালক রসিকতায় মাতেন অভিনেত্রীর সঙ্গে। বলেন, “বড় জোর একটা কি দুটো দৃশ্য। তার পরেই তো তুমি মরে যাও। এই ছবিতেও কি তা-ই?” জবাবে অভিনেত্রী জানান, তিনি পরিচালকের কথা মেনে নিয়েছেন। জানিয়েছেন, সানির ছবিতেও তাঁকে মাত্র দু’টি দৃশ্যেই দেখা যাবে। যদিও অভিনেত্রীর মতে, ওই দুটো দৃশ্যই গল্পকে এগিয়ে নিয়ে যাবে।

Advertisement

ঠাট্টার ছলে কি বর্ষীয়ান পরিচালক আদতে নিদারুণ সত্যের দিকেই আঙুল তুললেন? কলকাতা-মুম্বই মিলিয়ে কাজ করলেও বড় চরিত্রে ডাক পাচ্ছেন কই নন্দিনী? এর থেকে তো ছোটপর্দায় বড় চরিত্র পেতেন! নন্দিনী কি ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন?

ছোট চরিত্রে অভিনয় করে নন্দিনীও যে খুশি নন, অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি। আবার এ-ও বলেছেন, “একেবারে বসে থাকার থেকে তো ভাল। আমাকেও তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে! জীবনযাপনের জন্য উপার্জন করতে হবে।” তাই পায়ের তলার মাটি শক্ত করতে আপাতত কাজের সুযোগ হাতছাড়া করতে রাজি নন। অভিনেত্রীর উপলব্ধি, তাঁর এই লড়াইয়ে শামিল তাঁর ছেলে। মূলত ছেলের উৎসাহেই তিনি বলিউডে ভাগ্যপরীক্ষায় নেমেছেন। তাই এখনই ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন না। বদলে নিত্যনতুন চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন।

Advertisement

প্রসঙ্গত, মৈনাক ভৌমিকের ‘মেড ইন কলকাতা’ ছবিতে অভিনয় করলেন নন্দিনী। পর্দায় এই প্রথম অভিনেত্রী কলেজের অধ্যাপক। ছবিতে তাঁকে দেখে মুগ্ধ পড়ুয়ারা! নন্দিনী তাঁর অভিনীত চরিত্রে ‘ম্যায় হুঁ না’ ছবির সুস্মিতা সেনের আদল খুঁজে পেয়েছেন! কথায় কথায় বলেছেন, “মৈনাকের ছবির শুটের ফাঁকেই যোগাযোগ হল মিলনদার সঙ্গে। ওঁর নতুন সিরিজ়ে অভিনয়ের জন্য ডাকলেন।” খবর, সিরিজ়ে তিনি সন্তানহীনা এক নারী। স্বামীর শারীরিক সমস্যার কারণে মা হতে পারেননি তিনি। যদিও সব দায় তাঁর কাঁধেই চাপিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি। সিরিজ়টি পরিচালনা করছেন মিলন ভৌমিকের ছেলে শুভঙ্কর এবং অঙ্কন ভূঁইয়া। নন্দিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে অঞ্জন মজুমদারকে। এ ছাড়াও থাকবেন কিছু জনপ্রিয় মঞ্চাভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement