Rohit Shetty

রোহিত শেট্টীর বাড়ির বাইরে গুলিবর্ষণ-কাণ্ডে নতুন মোড়, রাজস্থান থেকে আটক করা হল ছয় জনকে

৩১ জানুয়ারির ঘটনা। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি পরিচালকের জুহু অঞ্চলের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩
Share:

কোন দিকে মোড় নেবে রোহিত শেট্টীর বাড়ির সামনে গুলিবর্ষণ-কাণ্ড? ছবি: সংগৃহীত।

জানুয়ারির শেষে আচমকাই পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে গুলি চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনায় এ বার রাজস্থান থেকে গ্রেফতার করা হল ছয় জনকে। সূত্রের খবর, ওই ছয় জনকে নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ের অপরাধদমন শাখায় জিজ্ঞাসাবাদের জন্য। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই মামলায় গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে।

Advertisement

৩১ জানুয়ারির ঘটনা। অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি পরিচালকের জুহু অঞ্চলের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। পরিচালকের নিরাপত্তার স্বার্থে তাঁর আবাসনের চারপাশে পুলিশি পাহারা কড়া করা হয়েছে।

রোহিতের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হননি। তবে পুলিশ, খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করেছে এবং ঘটনাস্থল থেকে বুলেট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে। এদিকে জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইর গ্যাং সমাজমাধ্যমে পোস্ট করে এই গুলিচালনার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Advertisement

ঘটনায় প্রথমে পুণে থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। যাঁদের বিরুদ্ধে বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ১ ফেব্রুয়ারি মুম্বই পুলিশ যাঁদের আটক করে, তাঁদের নাম—আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০) সমর্থ শিবশরণ পোমাজি (১৮), স্বপ্নীল সকত (২৩)। তাঁরাই সরাসরি গুলিচালনার ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়াও তদন্তে জানা গিয়েছে, আশারাম ফাসলে নামের এক অভিযুক্ত অস্ত্র সরবরাহ করেছিলেন, যিনি গত চার বছর ধরে বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার তদন্ত এখনও চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement